বৃষ্টিতে ভেস্তে গেল সভা! ভগবানগোলায় নামতে পারল না অভিষেকের হেলিকপ্টার

প্রবল বৃষ্টিতে ভগবানগোলার সভা ভেস্তে গেল। হেলিকপ্টার নামতে না পারায় অভিষেককে না দেখেই ফিরলেন কর্মী-সমর্থকরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রবল বৃষ্টি আর দুর্যোগে থমকাল রাজনৈতিক কর্মসূচি! অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভা দেখতে ভিড় জমিয়েও শেষমেশ হতাশ হয়ে ফিরতে হল সমর্থকদের। মুর্শিদাবাদের ভগবানগোলায় খারাপ আবহাওয়ার কারণে নামতেই পারল না তাঁর হেলিকপ্টার।

শনিবার বীরভূম ও মুর্শিদাবাদ—দুই জেলাতেই রাজনৈতিক সভার কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেস-এর। বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের মাটিতে এটাই ছিল গুরুত্বপূর্ণ জনসভা।

ভগবানগোলা বিধানসভার বাহাদুরপুর পাকা দরগা মাঠে দুপুর থেকেই জমতে শুরু করে জনতা। প্রবল বৃষ্টিকেও উপেক্ষা করে বহু কর্মী-সমর্থক অপেক্ষা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে এক ঝলক দেখার জন্য।

কিন্তু আবহাওয়ার চরম দুর্যোগে সেই আশা পূরণ হল না। বীরভূমে কর্মসূচি শেষ করে মুর্শিদাবাদের দিকে রওনা দিলেও খারাপ আবহাওয়ার কারণে ভগবানগোলায় নামতে পারেনি তাঁর হেলিকপ্টার।

এদিন সভার আগেই শুরু হয় প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। তবুও মাঠ ছাড়েননি সমর্থকদের বড় অংশ। তবে শেষ পর্যন্ত অভিষেককে দেখতে না পেয়ে মনখারাপ নিয়েই বাড়ি ফেরেন তাঁরা।

ভগবানগোলা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেন সরকার। এই সভা থেকেই বিজেপি ও কংগ্রেসকে নিশানা করার কথা ছিল দলের শীর্ষ নেতৃত্বের।

মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার জানান, “সকাল থেকেই জেলায় প্রবল বৃষ্টি হচ্ছিল। সেই কারণেই হেলিকপ্টার নামানো সম্ভব হয়নি।”

সব মিলিয়ে, আবহাওয়ার দাপটে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ভেস্তে যাওয়ায় হতাশা ছড়িয়েছে তৃণমূল শিবিরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন