রণবীর ‘আউট’, শাহরুখ ‘ইন’? ‘ডন ৩’ ঘিরে নতুন বছরের শুরুতেই বলিপাড়ায় ঝড়

রণবীর সিং নাকি বাদ, ‘ডন ৩’-এর ভবিষ্যৎ বাঁচাতে ফের শাহরুখ খানের দ্বারস্থ নির্মাতারা। অ্যাটলিকে টিমে আনার শর্তে কি রাজি হবেন ফারহান আখতার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছরের শুরুতেই বলিউডে ফের আলোচনার কেন্দ্রে ‘ডন ৩’। রণবীর সিং নাকি এই ফ্র্যাঞ্চাইজি থেকে ছিটকে গিয়েছেন, আর সেই শূন্যস্থান পূরণ করতে ফের শাহরুখ খানের দিকেই তাকিয়ে নির্মাতারা—এমন কানাঘুষোতেই উত্তাল টিনসেন টাউন। ‘ডন’-এর ভবিষ্যৎ নিয়ে যখন অনিশ্চয়তা চরমে, তখন বাদশার সম্ভাব্য প্রত্যাবর্তনের খবরে নতুন করে প্রাণ পাচ্ছে ফারহান আখতারের স্বপ্নের প্রজেক্ট।

বলিউড সূত্রে খবর, ‘ডন ৩’ সিনেমার জন্য ইতিমধ্যেই শাহরুখ খানের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আপাতত কন্যা সুহানা খানের বলিউড অভিষেকের ছবি ‘কিং’-এর প্রস্তুতিতে ব্যস্ত সুপারস্টার। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, ২০২৬-এর বক্স অফিসে এই ছবিই হতে চলেছে ‘গেমচেঞ্জার’। তারই মাঝে আবার ‘ডন’-এর আইকনিক চরিত্রে শাহরুখকে ফেরানোর তোড়জোড় শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে।

শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে সবুজ সংকেত দিলেও এবার নাকি বেশ কড়া শর্ত রেখেছেন কিং খান। তাঁর দাবি—‘ডন ৩’-এর সঙ্গে যুক্ত হোক পরিচালক অ্যাটলি। যদিও কোন ভূমিকায় তিনি থাকবেন—সহ-পরিচালক না কি সৃজনশীল পরামর্শদাতা—সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি শাহরুখ। তবে অ্যাটলির সঙ্গে জুটি বেঁধেই ২০২৩ সালে ‘জওয়ান’ ছবির মাধ্যমে বক্স অফিসে রেকর্ড গড়েছিলেন তিনি। বিশ্বব্যাপী ১১০০ কোটির ব্যবসা করে সেই ছবি শাহরুখকে ফের ‘বলিউড বাদশা’র সিংহাসনে বসায়। তাই ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিকেও হিট করাতে অ্যাটলিকেই নিজের ‘ব্রহ্মাস্ত্র’ হিসেবে চাইছেন তিনি—এমনটাই দাবি ইন্ডাস্ট্রির অন্দরমহলের।

তবে এখানেই জট। ২০০৬ সাল থেকে ‘ডন’ মানেই ফারহান আখতারের একচ্ছত্র সাম্রাজ্য। শাহরুখকে নিয়েই প্রথম ও দ্বিতীয় কিস্তি সুপারহিট করেছিলেন তিনি। ফলে এবার নিজের টিমে দক্ষিণী পরিচালক অ্যাটলিকে জায়গা দিতে রাজি হবেন কি না, তা নিয়েই ধোঁয়াশা।

উল্লেখ্য, ২০২৩ সালে ‘ডন ৩’-এর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক পিছু ছাড়েনি। রণবীর সিংকে ‘ডন’ অবতারে মেনে নিতে পারেননি একাংশ দর্শক। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের মতো দাপুটে ব্যক্তিত্বের পর রণবীরের স্টাইল ও ক্যারিশমা এই চরিত্রের সঙ্গে মানানসই নয়—এমন অভিযোগ ওঠে বারবার। যদিও ফারহান আখতার বারবার রণবীরের অভিনয় দক্ষতার সওয়াল করেছিলেন, তাতে খুব একটা মন গলেনি অনুরাগীদের।

তার উপর গত ডিসেম্বরে ‘ধুরন্ধর’-এর দুর্দান্ত ব্যবসার পর রণবীর সিংয়ের পারিশ্রমিক বেড়ে যাওয়াও নাকি প্রযোজনা সংস্থার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে পরিস্থিতির চাপে শেষমেশ তাঁকে বাদ দেওয়া হয়েছে—এমনই গুঞ্জন। এরপরই শোনা যায়, ‘ডন ৩’-এর ভবিষ্যৎ নাকি বিশ বাওঁ জলে। কিন্তু মাস ঘুরতেই শাহরুখের সম্ভাব্য প্রত্যাবর্তনের খবরে ফের আলো জ্বলছে ফ্র্যাঞ্চাইজির ভাগ্যে।

এখন দেখার, বাদশার শর্তে শেষ পর্যন্ত রাজি হন কি না ফারহান আখতার। সব প্রশ্নের উত্তর মিলবে সময়ই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন