বলিউড সুপারস্টার সলমন খান আবারও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। তবে এবার ফোন বা চিঠি নয়, শুটিং ফ্লোরে সরাসরি ঢুকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে হুমকি দেন। যদিও নিরাপত্তারক্ষীরা ব্যক্তিটিকে আটকে দেন, তবু দূর থেকেই সলমনকে হত্যার হুমকি দিয়ে পাল্টা দাবি করেন যে তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য।
পুলিশ তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে আটক করেছে, তবে এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত সলমন খানের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সলমন খান দীর্ঘদিন ধরেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লক্ষ্যবস্তু হয়ে আছেন। এর শুরু কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় তার নাম জড়ানোর পর থেকে। গ্যাংয়ের নেতা লরেন্স বিষ্ণোই বহুবার প্রকাশ্যে জানিয়েছে যে সলমন তাদের প্রধান টার্গেট।
সম্প্রতি বন্ধু এবং এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যা সলমন খানের জন্য নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দশেরার দিন পূর্ব বান্দ্রায় আততায়ীদের হামলায় মৃত্যু হয় বাবা সিদ্দিকির। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় একাধিক অভিযুক্তকে।
বাবা সিদ্দিকির মৃত্যুর পরে সলমন খান আরও ভেঙে পড়েছেন। তবে হুমকির ঘটনা এখানেই থেমে থাকেনি। এর আগে সলমন ও জিশান সিদ্দিকিকে হত্যার হুমকি দিয়ে পাঁচ কোটি টাকা দাবি করা হয়। সেই ঘটনায় জামশেদপুরের এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে, নয়ডা থেকে ২০ বছরের এক যুবক সলমন খান ও জিশান সিদ্দিকিকে হুমকির অভিযোগে আটক হয়। এদিকে শুটিং ফ্লোরে সরাসরি হুমকির ঘটনা নতুন করে আতঙ্ক তৈরি করেছে।
প্রতিবার নতুন ঘটনার পরেও সলমন খানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। একের পর এক হুমকি কেবল তার পরিবারের নয়, গোটা বলিউডের জন্যও আতঙ্ক তৈরি করছে। পুলিশ এবং সলমনের নিরাপত্তা দল এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।



