চোখের জলে কঙ্কালীতলায় পুজো দিলেন অনুব্রত, মমতা-অভিষেকের জন্য বিশেষ প্রার্থনা কেষ্টর

জেল থেকে বেরোনোর পর থেকেই অনুব্রতর ছায়াসঙ্গী হিসেবে রয়েছেন মেয়ে সুকন্যা। এদিন কঙ্কালীতলা মন্দিরে পুজো দেওয়ার সময়ও তিনি বাবার পাশে উপস্থিত ছিলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গরু পাচার মামলায় আঠারো মাস জেল খাটার পর সবে ছ’দিন হয়েছে মুক্তি পেয়েছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। শনিবার তিনি শক্তিপীঠ কঙ্কালীতলা মন্দিরে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে পুজো দিলেন। প্রার্থনা করার সময় হাউমাউ করে কেঁদে ফেললেন কেষ্ট। সঙ্গেও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পুজো দিয়েছেন তিনি।

গত সপ্তাহের সোমবার সন্ধ্যের পর তিহাড় জেল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। মঙ্গলবার বোলপুরের নিচুপট্টির বাড়িতে তিনি ফেরেন। প্রায় দু’বছর পর প্রিয় নেতাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। স্লোগান, শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টির মাধ্যমে অনুব্রতকে স্বাগত জানানো হয়। সেদিন বাড়ি ফিরেও কেঁদে দিয়েছিলেন তিনি। আসলে মেয়ে সুকন্যাও যে জেল খেটেছেন, এই বিষয়টা এখনও মানতে পারছেন না কেষ্ট।

জেল থেকে বেরোনোর পর থেকেই অনুব্রতর ছায়াসঙ্গী হিসেবে রয়েছেন মেয়ে সুকন্যা। এদিন কঙ্কালীতলা মন্দিরে পুজো দেওয়ার সময়ও তিনি বাবার পাশে উপস্থিত ছিলেন। পুজো দিয়ে বেরিয়ে অনুব্রত জানান, তাঁর শরীর বিশেষ ভালো নেই। বিশেষ করে পায়ের একটি সমস্যা তাঁকে ভোগাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে তিনি কলকাতায় চিকিৎসা করাতে আসবেন বলেও জানালেন আজ।

পাশাপাশি, অনুব্রত পুজো দিয়ে বেরিয়ে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শক্তিপীঠকে ঢেলে সাজিয়েছেন। কঙ্কালীতলাও বাদ নেই। তবে কঙ্কালীতলায় কিছু কাজ বাকি আছে। সেটা আমি পুজোর পর করে দেব। মায়ের কাছে আসার জন্য আমি ছটফট করছিলাম। আমার বাড়ির কাছে মন্দির। আর আমি আসব না! বীরভূম জেলার সব মন্দিরে যাব। আমার মেয়ে, স্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিয়েছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন