দিন কয়েক আগেই নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাঁর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়। আর এবার তাপস-ঘনিষ্ঠ এক তৃণমূল নেত্রী ইতি সরকারকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি।
আরও পড়ুন: আপাতত এক মাস উচ্ছেদ নয়, হকারদের বিকল্প জায়গা দেবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে ইতি সরকারকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। নিয়োগ দুর্নীতি মামলার সূত্রে তাপস সাহার ঘনিষ্ঠ এই নেত্রীর বাড়িতে এর আগে তল্লাশি চালিয়েছে সিবিআই। সম্প্রতি তৃণমূল বিধায়ক তাপস সাহার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় এজেন্সি। এবার তাঁর ঘনিষ্ঠ এই নেত্রীকে তলব করা হল।

প্রসঙ্গত, ২০১৯ থেকে ১৩টি সরকারি স্কুলে পোশাক সরবরাহের বরাত পান ইতি সরকার। সেখানেই প্রশ্ন উঠছে, তাপস সাহা কি প্রভাব খাটিয়ে ইতিকে এই বরাত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন? একই সঙ্গে যে মোবাইল ফোনে একাধিক কণ্ঠস্বর পাওয়া গিয়েছিল সেখানে ইতি সরকারের কণ্ঠস্বর রয়েছে কিনা তা খতিয়ে দেখবেন গোয়েন্দারা।
নিয়োগ মামলায় সক্রিয় CBI, তলব বিধায়ক ঘনিষ্ঠ TMC নেত্রীকে

তাপস সাহার বিরূদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে একাধিক সরকারি দফতরে চাকরি পাইয়ে দিয়েছেন। সেই সূত্রে তাপসের আপ্তসহায়কের কন্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়। আজ নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন ইতি সরকার। তাঁরও কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেন গোয়েন্দারা এমনটাই সূত্রের খবর।



