অতএব রইল বাকি এক! অবশেষে আসানসোল কেন্দ্রে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আর এই নামে কিন্তু রয়েছে বড় চমক। আসানসোলের ভূমিপুত্রকেই এখানের টিকিট দিল গেরুয়া দল। তৃণমূলের শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়াকে প্রার্থী করল বিজেপি।
আরও পড়ুন: বারাসাতের বাম প্রার্থীর বিজেপি যোগ! প্রবীরকে নিয়ে ডামাডোল লাল শিবিরে
আসানসোল নিয়ে প্রথম থেকেই বিপাকে পড়ে বিজেপি। প্রার্থী হিসাবে ভোজপুরী নায়ক-গায়ক পবন সিংহের নাম ঘোষণার পর থেকেই তৃণমূলের তরফে তাঁর বিরুদ্ধে ‘বাঙালিবিদ্বেষী’ বলে অভিযোগ তোলা হয়। এরপরই আসানসোল কেন্দ্র থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। সেই থেকেই আসানসোলে কাকে প্রার্থী করা যায় তা নিয়ে বিস্তর আলোচনা চলে বিজেপির অন্দরে। অবশেষে এস এস আলুওয়ালিয়াকেই শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে টিকিট দিল গেরুয়া শিবির।

২০১৯ সালের লোকসভায় এস এস আলুওয়ালিয়া বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। এবার সেই কেন্দ্রে মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। ফলে, আলুওয়ালিয়াকে নিয়ে চর্চা ছিলই। আসানসোলে এবার তিনি প্রার্থী হওয়ায় বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলের শত্রুঘ্নের বিরুদ্ধে বিজেপির বাজি আসানসোলের ভূমিপুত্র! কাকে টিকিট দিল গেরুয়া দল?
সুরিন্দর সিংহ আলুওয়ালিয়াকে আসানসোলের টিকিট দেওয়ায় ‘খেলা’ জমে যেতে পারে। কারণ, তিনি সেখানেরই ভূমিপুত্র। আসানসোলের মানুষ বারবার সেটাই চেয়েছেন। আবার, তিনি অবাঙালি। বাংলাটা যদিও বেশ গুছিয়েই বলতে পারেন তিনি। আসানসোলের ৫০ শতাংশই হিন্দিভাষী। আবার অবাঙালি ভোটার ৩৬ শতাংশ। ফলে, আলুওয়ালিয়াই সেখানে বিজেপির ‘যোগ্য’ প্রার্থী বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।




