লোকসভা ভোটের মুখে একের পর এক কর্মসূচি তৃণমূল নেতৃত্বের। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় প্রচার সারছেন অন্যদিকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জেলাভিত্তিক নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন। শনিবার রাজ্যের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের ‘সেনাপতি’। সরকারি পরিষেবাকে হাতিয়ার করেই আসন্ন নির্বাচনী যুদ্ধে নামতে চায় শাসক শিবির।

আরও পড়ুন: AI ব্যবহার করে লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে চিন! আশঙ্কা মাইক্রোসফ্টের
গত ১৬ ফেব্রুয়ারি তৃণমূলের জেলা সভাপতি, বিধায়কদের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক। এবার ভোটের কয়েকদিন বাকি থাকতে পঞ্চায়েত প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। বিভিন্ন সভায় মমতা ও অভিষেক দুজনেই সরকারি প্রকল্পের প্রসঙ্গে কথা বলেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, কন্যাশ্রীর মত প্রকল্পের সুবিধার কথা বলেছেন। নির্বাচনী প্রচারেও তার অন্যথা হয়নি। রাজনৈতিক মহলের ধারণা, এই সব প্রকল্পের পরিষেবা গ্রামে পৌঁছানোর ক্ষেত্রে বড় ভূমিকা পঞ্চায়েতের। তাই সেইদিকেও নজর দিয়েছেন অভিষেক।

নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে দফায় দফায় বৈঠক করেছিলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। মার্চ মাসের শেষে দিকে একটানা তিনদিন সেখানেই ছিলেন তিনি। ভালো ফল না হলে দলের নেতাদের যে পদ খোয়াতে হতে পারে সেই কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ডায়মন্ড হারবারে ৪ লক্ষ ভোটে জেতার দাবি করেছেন।
নির্বাচনে বড় হাতিয়ার সরকারি পরিষেবা, পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক

উল্লেখ্য, সম্প্রতি বসিরহাটের (Basirhat) সভায় অভিষেকের গলায় তৃতীয়বার নির্বাচনে জয় নিয়ে আশাবাদী সুর শোনা গিয়েছিল। এবারে চার লক্ষ ভোটে জিতবেন বলেও দাবি করেছেন। আগামী ১ জুন, সপ্তম দফায় ভোট হবে ডায়মন্ড হারবার কেন্দ্রে।



