লোকসভা নির্বাচনের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য, আর তারপর নির্বাচন কমিশনকে ‘মেসো’ সম্বোধন, একের পর এক বাক্যবাণে নিজেই বিপাকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এবার দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ করলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
আরও পড়ুন: জেল থেকে সরকার চলবে না? দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির জল্পনা
প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দিলীপ বলেন, “উনি (পড়ুন মমতা) একবার বাংলায় বলেন আমি বাংলার মেয়ে, গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে। আগে ঠিক করুন উনি কার মেয়ে।” এরপরেই দিলীপকে প্রথমে শো-কজ করে বিজেপির শীর্ষ নেতৃত্ব। শো-কজ করেছে নির্বাচন কমিশনও। ২৯ মার্চের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বুধবারই কলকাতায় কমিশনের দফতরে গিয়ে দিলীপের বিরুদ্ধে নালিশ ঠুকে আসে তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল। এরপর আবার নির্বাচন কমিশনকে ‘মেসো’ বলে সম্বোধন করেন দিলীপ। আর দিলীপকে তীব্র আক্রমণ করলেন কীর্তি আজাদ।

দিলীপ ঘোষের মাথার চিকিৎসা প্রয়োজন, তীব্র আক্রমণ কীর্তি আজাদের
কীর্তি আজাদের কথায়, “দিলীপ ঘোষের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। ওনাকে যে শো-কজ করা হয়েছে সেটা ওনার দলের কথার মতোই গ্যারান্টিযুক্ত শো-কজ। তাঁর পরেও এসব বলছেন। ওনার চিকিৎসা প্রয়োজন। বিজেপি সেটা করুক। আর যদি না করতে পারে তাহলে আমাদের বলুক। আমরা দিলীপ ঘোষের মাথার চিকিৎসা করাব।”




