দক্ষিণ দিনাজপুর জেলায় সরকারী মেডিক্যাল কলেজ নির্মাণের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, চলতি মাসের শেষে ৩০ তারিখ দক্ষিণ দিনাজপুর জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগেই এলাকাবাসীর অসুবিধার কথা জানিয়ে একটি দাবি তুলে ধরলেন রাজ্য গেরুয়া চিফ।
আরও পড়ুন: এই নিয়ে পরপর তিনবার, দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাদ বাংলার ‘কন্যাশ্রী’ থিমের ট্যাবলো
চিঠিতে সুকান্ত মজুমদার লিখেছেন, “মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে সরকারী মেডিক্যাল কলেজ থাকলেও আজও দক্ষিণ দিনাজপুর জেলা সরকারী মেডিক্যাল কলেজ থেকে বঞ্চিত। ডায়াবেটিস, স্নায়ুরোগ ও কিডনির চিকিৎসক প্রায় নেই বললেই চলে। আর্থিক দুর্বলতার জন্য এ জেলার মানুষ চিকিৎসার জন্য বাইরের জেলায় যেতেও পারেন না। তাই দক্ষিণ দিনাজপুর জেলাবাসীদের পক্ষ থেকে আপনার কাছে একটি সরকারী মেডিক্যাল কলেজ নির্মাণের দাবি জানালাম।”

পাশাপাশি, এই চিঠির একটি প্রতিলিপি সামাজিক মাধ্যমে দিয়ে সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে লিখেছেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি উন্নয়নের নামে এ রাজ্যের মানুষের সাথে দিনের পর দিন প্রতারণা করেছেন। আজও দক্ষিণ দিনাজপুর জেলা একটি রাজ্য সরকারি মেডিক্যাল কলেজ থেকে বঞ্চিত। আগামী ৩০ তারিখ মুখ্যমন্ত্রী আসছেন আমাদের জেলা দক্ষিণ দিনাজপুরে। ওনাকে স্বাগত জানাই। কিন্তু তার সাথে ওনার কাছে জানতে চাই যে এভাবে উত্তরবঙ্গকে আর কতদিন বঞ্চিত করে রাখবেন মাননীয়া? মানুষের অনেক দিনের দাবী এই জেলায় একটি মেডিক্যাল কলেজ হোক।”

দক্ষিণ দিনাজপুরে সরকারী মেডিক্যাল কলেজের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর
অন্যদিকে আবার, দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার তপনের চৌরঙ্গী মোড়ে বিশাল জনসভা করেন সুকান্ত মজুমদার। জেলায় একের পর এক রেল প্রকল্পকে বাস্তবায়িত করছেন বালুরঘাটের সাংসদ। এদিনের বক্তব্যে সেই কথা শোনা যায় তাঁর মুখ থেকে। বালুরঘাট-হিলি রেল প্রকল্প ও বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস ট্রেন চালু হলে জেলাবাসী অনেক উপকৃত হবে বলেই মনে করেন সুকান্ত মজুমদার।




