নজরবন্দি ব্যুরো: আজ বেহালার ময়দানে দেখা যাবে বিজেপি-র রোমিও জুলিয়েটকে। ‘যাব কি যাব না’ করে অনেক টালবাহানার পর বিজেপি-র হয়ে রাজনীতির ময়দানে পুরোদমে নেমে পড়েছেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী। বিজেপিতে যোগদানের পরই তৃণমূল সুপ্রিমোর ‘কানন’ কলকাতার কোন জোনের পর্যবেক্ষক হিসেবে নিজের কর্মভুমি বেহালায় পা রাখবেন, তানিয়ে এতদিন জল্পনা চলছিল।
আরও পড়ুনঃ প্রশাসন থেকে নাসা। মার্কিন মুলুক দাপাচ্ছে ভারতীয় বংশোদ্ভূতরা।
এবার সেইসব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বেহালায় যাচ্ছেন তৃণমূল কানন’ । তাঁর কর্মসূচিতে সঙ্গী হবেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সোমবার দক্ষিণ কলকাতা বিজেপি সভাপতি শঙ্কর শিকদার জানিয়েছেন, মঙ্গলবার দুপুর তিনটেয় বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ড থেকে ঠাকুরপুকুর থ্রি-এ বাস স্ট্যান্ড পর্যন্ত রোড-শো করবেন শোভন-বৈশাখী। দীর্ঘদিন পর বেহালায় ফিরে শোভন বক্তৃতায় কী বলেন, সে দিকেই নজর এলাকার তৃণমূল নেতৃত্বের।
২০০০ সালে তৃণমূলে এলেও বেহালাকে মমতার দলের কান্ডারী হিসেবে অন্যতম কারিগর ছিলেন শোভন। এ বার তৃণমূলের সেই দুর্গ ভাঙার জন্যই রাজনৈতিক কর্মসূচি নিতে চলেছেন তিনি। তাই প্রথম পদক্ষেপেই তাঁকে জমি ফাঁকা ছাড়তে নারাজ তৃণমূলও। তাই শোভনের কর্মসূচি শুরুর ঘণ্টা খানেক আগেই পাল্টা মিছিলের ডাক দিয়েছে শাসকদল। রবিবার বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বুথ কর্মশালায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ওই কর্মসূচি ঘোষণা করেছেন।
১১৯ নম্বর ওয়ার্ডের ২৯ পল্লির মোড় থেকে মঙ্গলবার বেলা ১২টায় একটি মিছিল হবে বলে জানিয়েছেন তিনি। তবে ওই কর্মসূচিকে শোভন-বৈশাখীর ‘পাল্টা’ বলতে নারাজ তৃণমূলের রাজ্য সম্পাদক তথা বেহালার পরিচিত তৃণমূল নেতা অঞ্জন দাস। তাঁর কথায়, ‘‘ওঁদের কর্মসূচি ওঁরা করবেন। আমাদের কর্মসূচি আমরা। তাই পাল্টা কর্মসূচির কথা আসছে কেন? আর যদি পাল্টা কর্মসূচি করতেই হত, তা হলে তো ওই রাস্তা দিয়েই আমাদের মিছিল হত!’’



