নজরবন্দি ব্যুরো: সোমবার বিধানসভায় রাজ্যে দু-দুটি বিমানবন্দর নির্মাণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তৈরি হবে আলিপুরদুয়ারের হাসিমারাতে, এবং তারপর পুরুলিয়াতেও বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বিমানবন্দর নির্মাণের জন্য কেন্দ্রের যে ছাড়পত্র প্রয়োজন হয় সেই বিষয়ে রাজ্যের বিজেপি বিধায়কদের অনুরোধও করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: কালো টাকা কীভাবে সাদা করতেন কালীঘাটের কাকু? নিয়োগ দুর্নীতিতে হদিশ নামী প্রোমোটিং সংস্থার
সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উঠে আসে বিমানবন্দরের প্রসঙ্গে। সেই সূত্রে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোচবিহার, বালুরঘাটে বিমানবন্দর নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে। মালদহের কাজও শেষ পর্যায়ে। এরপর হাসিমারাতে একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। পুরুলিয়াতেও তৈরি হবে বিমানবন্দর’। একই সঙ্গে, অন্ডালে একটি কার্গো বিমানবন্দর নির্মাণের কথাও জানান মুখ্যমন্ত্রী।
বিমানবন্দর নির্মাণের আগে কেন্দ্রের ছাড়পত্র প্রয়োজন হয়। আর সেই ছাড়পত্র দিয়ে থাকে অসামরিক বিমানবন্দর মন্ত্রক। সেই কারণে রাজ্যের বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিমানবন্দর তৈরির জন্য আপনারা দ্রুত দিল্লি থেকে ছাড়পত্রের বন্দোবস্ত করুন। ডবল ইঞ্জিন বিমান চলাচলের জন্য ছাড়পত্র দেওয়া হোক। বিমানবন্দরের জন্য ইতিমধ্যেই ৩০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে’।
আলিপুরদুয়ার, তারপর পুরুলিয়া, রাজ্যে নতুন দুই বিমানবন্দর নির্মাণের ঘোষণা মমতার




