নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের বাকি হাতেগোনা আর কয়েকদিন। প্রচারের অন্তিম পর্বে ঝড় তুলতেই মঙ্গলবার মেদিনীপুরে সভা করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে পশ্চিম মেদিনীপুরে জনসভা করছেন তিনি। সেখান থেকেই একের পর এক ইস্যুতে আক্রমণ শানিয়েছেন বিজেপিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
আরও পড়ুন: শুভেন্দুর ডেরায় অভিষেকের রোড শো, একমাসের ব্যবধানে ফের মেদিনীপুরে Abhishek Banerjee
“তিন চারদিন আগে বিজেপির নেতারা ভাষণ দিয়ে বলছিল যে তাঁরা ক্ষমতায় এলে দু হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে।” এই কথা বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ করেন, “ছয় মাস আগেই বাংলার মানুষকে অপমান করে বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার যারা নিচ্ছে তাঁরা নাকি ভিক্ষে নিচ্ছে, তাঁরা নাকি ভিখিরি। বাংলার মানুষকে অপমান করেছিল। আর হঠাৎ করে লক্ষ্মীর ভাণ্ডার এখন ভগবানের প্রসাদ হয়ে গিয়েছে।” তৃণমূল সাংসদ আর বলেন, ‘ত্রিপুরা, মণিপুর, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ডে ক্ষমতায় রয়েছে বিজেপি। কম-বেশি মিলিয়ে ১২ টির বেশি রাজ্যে বিজেপি ও তাঁর শরিক দল ক্ষমতায় রয়েছে।” এরপরই বিজেপিকে চ্যালেঞ্জ দিয়ে তৃণমূলের সাংসদ বলেন, “১২ টির মধ্যে ১ টি রাজ্যে বিজেপি ১০০০ টাকা দিয়েই লক্ষ্মীর ভাণ্ডার বাস্তবায়িত করে দেখাতে পারে, আমি চিরতরে রাজনীতি থেকে বিদায় নেব।”

বিজেপিকে নিশানায় এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনার প্রাপ্য অধিকারের টাকা আটকে রেখে দিয়েছে, তারা নাকি অনুদান দেবে।” জনগণের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, “যারা অনুদানের টাকা আটকে রেখে দেয় তারা কখনও অনুদান দেবে?” আগামী দিনে বিজেপি বা নির্দল জিতলে উন্নয়নে বাধা পড়বে, এমনই দাবি করেন তৃণমূলের নম্বর ২। “বিজেপি জিতলে অধিকার থেকে বঞ্চিত হবেন, তৃণমূল জিতলে অধিকার পাবেন।”

এদিনের সভা থেকে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় অভিষেককে। তিনি বলেন, “বিজেপির আচ্ছে দিনের নমুনা কী? ৪০০ টাকা গ্যাসের দাম ১২০০ টাকা, তেলের দাম ২০০ টাকা, রেলের ভাড়া ৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হয়েছে, জীবনদায়ী ওষুধ ৫০ টাকা থেকে ৫০০ টাকা হয়েছে।” কটাক্ষ করে বলেন, “একদিকে বাংলায় দিদি দিচ্ছে অন্যদিক মোদী নিচ্ছে।”
‘চিরতরে রাজনীতি থেকে বিদায় নেব’, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ Abhishek Banerjee-র




