নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের প্রচারে এবার মেদিনীপুরে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই ক্রমেই পারদ চড়ছে রাজনৈতিক মহলে। পূর্ব মেদিনীপুরে বাড়ি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। গত বিধানসভা নির্বাচনের আগেই ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগ দিয়েছিলেন তিনি। একমাস আগেই পূর্ব মেদিনীপুরে সভা করে গিয়েছেন অভিষেক। এবার হাইভোল্টেজ পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে তমলুকের মেচেদায় প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে মহা র্যালি হবে অভিষেকের। মেচেদার ফাইভ পয়েন্ট থেকে বুড়ারী বাজার এলাকা পর্যন্ত রোড শো হবে। পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর ডেরা হিসেবে পরিচিত। গত ৩০ মে নবজোয়ার কর্মসূচি নিয়ে পূর্ব মেদিনীপুরে এসেছিলেন অভিষেক। একমাস পেরোতেই পঞ্চায়েত প্রচারের অন্তিম পর্বে এলেন তিনি। এনিয়ে তৃণমূলের মুখপাত্র বলেন, “কেন তৃণমূলকেই উন্নয়নেরর ভিত্তিতে ভোট দেওয়া উচিত এবং কেন চক্রান্তকারী, কুৎসাকারী বিরোধীদের প্রত্যাখ্যান করা উচিত, সেই আবেদন নিয়েই অভিষেকের কর্মসূচি ৷’’

তৃণমূল সূত্রে খবর, এদিন কপ্টারে মেদিনীপুরে আসার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মেচেদার পিডব্লিউডি মাঠে একটি অস্থায়ী হেলিপ্যাডও তৈরি করা হয়েছে। হঠাৎ সড়কপথ ছেড়ে আকাশপথে কেন আসছেন অভিষেক? এনিয়ে দলের তরফে জানানো হয়েছে, চোটের কারণে মুখ্যমন্ত্রী কর্মসূচিতে অংশ নিতে পারছেন না। ফলে অভিষেকের ব্যস্ততা বেড়েছে। তাই দ্রুত কাজ সারতে আকাশপথে যাতায়াত করবেন অভিষেক।
পঞ্চায়েতের প্রচারে গত শনিবার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ফিরে দুই মেদিনীপুরে কর্মসূচি রয়েছে তাঁর। প্রচারে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানায় এনে নানা মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ। নাম না করে একাধিকবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন। এদিকে আজই হলদিয়ায় দুটি সভা রয়েছে বিরোধী দলনেতার। তিনি কী প্রতিক্রিয়া দেন সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।
শুভেন্দুর ডেরায় অভিষেকের রোড শো, একমাসের ব্যবধানে ফের মেদিনীপুরে Abhishek Banerjee




