নজরবন্দি ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে উড়িয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ‘অজি’ মানেই যেন অজেয়। এবার সেই মন্ত্রকেই হাতিয়ার করে আসন্ন অ্যাশেজ সিরিজকে পাখির চোখ করছেন অস্ট্রেলিয়ার বর্তমান সেরা টেস্ট ব্যাটার স্টিভ স্মিথ। তিনি বলেছেন, “বিগত সপ্তাহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছি। দল ফুরফুরে মেজাজে রয়েছে। কিন্তু অ্যাশেজের গুরুত্বই আলাদা। কারণ, অ্যাশেজের ইতিহাস অনন্য। আমরা জেতার জন্য প্রস্তুত।“
আরও পড়ুন: ভ্যাপসা গরমে অতিষ্ট শহরবাসী, দক্ষিণবঙ্গে কবে আসছে বর্ষা?
শুক্রবার থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ। যে সিরিজ নিয়ে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা চরমে। দুই দলে তারকা খেলোয়াড়ের অভাব নেই। একদিকে ইংল্যান্ড দলে যেমন রয়েছেন অলি পোপ, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জো রুট, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনের মতো প্রতিভাবান খেলোয়াড়রা। আবার অন্যদিকে অস্ট্রেলিয়া দলে আছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্কাস ল্যাবুশেন, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, নাথান লিঁও, প্যাট কামিন্সের মতো লড়াকু খেলোয়াড়। কাজেই টক্কর হতে চলেছে সেয়ানে সেয়ানে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।

প্রতিবারের মতোই এবারের অ্যাশেজ সিরিজে পাঁচটি টেস্ট ম্যাচ খেলা হবে। আয়োজক ইংল্যান্ড। প্রথম টেস্টটি খেলা হবে এজবাস্টনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতায় আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তবে, ইংল্যান্ড দলে প্রতিভার কোনও খামতি নেই। নিজেদের মাঠে অস্ট্রেলিয়াকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত প্রথমবারের জন্য অ্যাশেজে নেতৃত্ব দিতে চলা বেন স্টোকসের ইংল্যান্ড।

গতবারের অ্যাশেজে কিন্তু ইংল্যান্ডকে কার্যত হোয়াইট ওয়াশ করে সিরিজ পকেটে পুরেছিল অস্ট্রেলিয়া। ৪-০ ব্যবধানে সেবারের সিরিজ যেতে অজিরা। এবার বদলা নেবার জন্য ফুঁসছে ইংল্যান্ড শিবির। তাঁরা ম্যাকালামের ‘বাজবল’ পদ্ধতি মেনে খেলতে চায়। অর্থাৎ, শুরু থেকে আক্রমণ। তবে, লড়াইটা তাঁদের জন্য একেবারেই সহজ হবে না। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডে খেলার সুবাদে পরিবেশের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন অজি খেলোয়াড়রা। ফর্মে আছেন স্মিথ নিজেও। ফলে ইংল্যান্ডের ‘বাজবল’ নাকি অস্ট্রেলিয়ার অজেয় মনোভাব, কারা হাসবে শেষ হাসি, সেদিকেই নজর থাকবে ক্রীড়ামহলের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অতীত, এবার অ্যাশেজ জেতাই লক্ষ্য স্মিথের




