নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় আজই আসানসোল আদালতে অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের। ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের ৫৭ দিনের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই। এই নিয়ে গরু পাচার মামলায় চতুর্থ চার্জশিট পেশ করা হল সিবিআইয়ের তরফে। অন্যদিকে, আজই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
আরও পড়ুনঃ মায়ের বিসর্জনে আচমকাই মাল নদীতে হরপ্পা বান, মৃত ৮
সূত্রের খবর, গরু পাচার মামলায় শুরু থেকেই নজরে ছিল অনুব্রত মণ্ডল এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল অঙ্কের সম্পত্তি। গত ফেব্রুয়ারি মাসে সায়গলকে গ্রেফতারের পর থেকে তাঁর নামে ও বেনামে বিপুল অঙ্কের সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই।

আসানসোল আদালতে পেশ করা ৪০ পাতার চার্জশিটে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ৫৩ টি সম্পত্তির দলিলের উল্লেখ করেছে সিবিআই। একইসঙ্গে দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বে টিম অনুব্রত এবং একাধিক ব্যক্তিদের বয়ানে যে সমস্ত তথ্য উঠে এসেছে, সেই সমস্ত তথ্যও তুলে ধরা হয়েছে চার্জশিটে।
সূত্রের খবর, অনুব্রতর হয়েই সায়গল হোসেন গরু পাচার চক্রের মূল অভিযুক্ত এনামুল হক কিংবা আব্দুল লতিফদের সঙ্গে যোগাযোগ করতেন। বিপুল অঙ্কের লেনদেন কীভাবে হত? তা জানতে আজ আসানসোল সংশোধনাগারে উপস্থিত হচ্ছে ইডির আধিকারিকরা। মূলত সায়গল হোসেন এবং তাঁর পরিবারের সম্পত্তির উৎস জানতেই উপস্থিত হয়েছেন তদন্তকারী অফিসাররা। একইসঙ্গে গরু পাচারের টাকা আর কারা ভাগ পেত? সবটা জানতে চায় ইডি।
অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের, এবার নামল ইডিও

একইসঙ্গে গরু পাচার মামলায় অনুব্রত কন্যা সুকন্যার একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। একইসঙ্গে বিপুল অঙ্কের টাকার লেনদেন অনুব্রত কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হত বলেও জানতে পেরেছে তদন্তকারী সংস্থা। সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদে উঠে আসতে পারে এই প্রসঙ্গও। এমনটাই ইডি সূত্রে খবর।



