নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় আজ প্রথমবার অভিযান শুরু করেছে ইডি। শুক্রবার সকাল থেকে একসঙ্গে রাজ্যের ১৩ জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর সন্ধেবেলাতেই তারা পেল বিরাট ব্রেক থ্রু! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার করেছে ইডি। সেই টাকার পরিমান প্রায় ২০ কোটি বলে খবর সূত্রের।
আরও পড়ুনঃ Md Salim: নামে শহীদ দিবস হলেও, মোচ্ছব হয়েছে, কটাক্ষ সেলিমের
অর্পিতা মুখোপাধ্যায় নাকতলা উদয়ন সংঘের পুজোর মডেল হয়েছিলেন। নাকতলার এই পুজোয় আসলে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত। কিন্ত কোথা থেকে এল এত টাকা? ইডি আধিকারিকদের এ প্রশ্নে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার দক্ষিন কলকাতার বাড়ি থেকে ২০ কোটি টাকার পাশাপাশি ২০টি মোবাইল উদ্ধার হয়েছে বলে খবর। যে আবাসনে অর্পিতা মুখোপাধ্য়ায় থাকতেন সেই সাউথ সিটি আবাসন ঘিরে ফেলেছে আধা সেনা।

আজ রাজ্যজুড়ে একসঙ্গে ১৩টি জায়গায় ম্যারাথন তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রায় ৮০-৯০ জন ইডি অফিসার রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়েন তল্লাশির কাজে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে আর্থিক লেনদেনের কথা আগেই উল্লেখ করেছিল সিবিআই। সেই আর্থিক লেনদেন কীভাবে হয়? সেই টাকা কারা নেয়? সবটা জানতেই আজ অভিযানে নেমেছে ইডি। এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত? কত টাকার লেনদেন হয়েছে? সবটাই জানতে একসঙ্গে ১৩ টি জায়গায় অভিযান চালিয়েছে ইডির আধিকারিকরা৷ সিবিআইয়ের দেওয়া সমস্ত তথ্য প্রমাণ হাতে নিয়েই তদন্ত করবেন তাঁরা।

উল্লেখ্য, সিবিআইয়ের এফআইআরে নাম রয়েছে প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্যদের। সেখানে শান্তিপ্রসাদ সিনহা ছাড়াও রয়েছে এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা এবং তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম। তাঁদের বাড়িতেও উপস্থিত হয়েছে ইডির আধিকারিকরা।
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি, ঘুষের টাকা অনুমান ED-র!

শুধুমাত্র এসএসসি নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মাণিক ভট্টাচার্যের যাদবপুরের বাড়িতে উপস্থিত হয়েছে ইডি আধিকারিকরা। সমস্ত সম্পত্তির হিসেব খতিয়ে দেখা হচ্ছে। সকালেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারীর বাড়িতে উপস্থিত হন ইডির আধিকারিকরা৷ সেই আধিকারিকরা ১১ ঘন্টা পরেও বেরিয়ে আসেননি পার্থ বাবুর বাড়ি থেকে।



