নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে অব্যাহত করোনা সংক্রমণ; আজও মৃত ৫১ জন। তবে সংক্রমণ একই হারে বাড়তে থাকলেও সামান্য বেড়েছে সুস্থতার হারও। এদিকে রাজ্যে শুরু হয়েছে দেশীয় ভ্যাক্সিন কো-ভ্যাক্সিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল। যা নিজের শরীরে নিয়ে উদ্বোধন করেছেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। টিকা নিয়ে তিনি ভাল আছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুনঃ বঙ্গে শুরু কোভ্যাক্সিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল, প্রথম টিকা নিলেন ফিরহাদ।
রাজ্যে অব্যাহত করোনা সংক্রমণ; রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ২৭১ জন। যা নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯০ হাজার ৭০ জন। আশার কথা হল, এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন মাত্র ২৪ হাজার ১৬৬ জন। যা গতকালের থেকে ৫৫ জন কমেছে।
ক্রমেই বাড়ছে সুস্থতার হার, শুধু মৃত্যু সংখ্যায় রাজ্যকে ভোগাচ্ছে কো-মর্বিডিটি! মৃত্যুর গড় ৫০ – ৫৫ জন। সবথেকে বেশি মৃত্যু হচ্ছে যারা কোমর্বিডিটিতে ভুগছেন তাঁদের। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৫২৭ জনের। মৃতদের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫১ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৭৫ জন। আজকের ৩ হাজার ২৭৫ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৫৭ হাজার ৩৭৭ জন।
এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪২ হাজার ৬২৪ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লক্ষ ৫৮ হাজার ৭৯৮ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৬৬ হাজার ২০৯ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.২২ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৩.৩৩ শতাংশ। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।




