নজরবন্দি ব্যুরোঃ রবিবার কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের নির্বাচনে দফায় দফায় সন্ত্রাস এবং ছাপ্পাবাজির অভিযোগ তুলেছিল বিরোধীরা। এবার কলকাতা পুরভোটে ব্যর্থ কমিশন এবং পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বাম প্রার্থীরা।
আরও পড়ুনঃ নিজের পায়ে দাঁড়িয়েছেন, শোভন-বৈশাখী পরকীয়ার গল্প ছাপিয়ে উত্থান রত্নার!
আদালত সূত্রে খবর, আদালতের দ্বারস্থ হয়েছেন ৩৬ নম্বর এবং ১২৬ নম্বর ওয়ার্ডের সিপিআই প্রার্থী মৌসুমী ঘোষ এবং বিমান গুহ ঠাকুরতা। তাঁদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধন না করেই পুরাতন তালিকা অনুসারে হয়েছে নির্বাচন। বেশ কিছু ব্যক্তি কলকাতা ছেড়ে চলে গেলেও এখনও অবধি তাঁদের নাম রয়েছে নতুন ভোটার তালিকায়। এমনকি যারা মারা গেছেন তাদের নাম নতুন তালিকায় রয়েছে। নতুন তালিকা থেকে বাদ পড়েনি তাদের নাম। সেই ভোটগুলি পড়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
দুই প্রার্থীর পক্ষে আইনজীবী রাজনীল মুখ্যোপাধ্যায় জানিয়েছেন, গত রবিবার এবং মঙ্গলবার অর্থাৎ কলকাতা পুরভোটের দিন এবং গণনার দিন তা সবাই দেখেছে। অভিযোগ, নির্বাচন কমিশন এবং পুলিশের সামনে ভোট লুঠ হয়েছে। শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে কমিশন। পাশাপাশি পুলিশকে নিষ্ক্রিয় দেখা গিয়েছে। তাই মামলা দায়ের করা হয়েছে।

বুধবারের আবেদনে জানানো হয়েছে, কলকাতা ভোটে যে দুর্নীতি হয়েছে তা নিয়ে তদন্ত করতে হবে। বিশেষ তদন্তকারী দল গঠন করে নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন মামলাকারীরা। সমস্ত ভুয়ো ভোট বাতিলের আর্জি জানিয়েছেন তাঁরা। সেইসঙ্গে কোনও বুথে একটি দলের একজনের বেশী এজেন্টের উপস্থিতির নির্দেশের আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে বুথের ৩০০ মিটারের মধ্যে অবৈধ জমায়েতে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে কমিশনকে।
পুরভোটে ব্যর্থ কমিশন, আদালতে বাম-বিজেপি

এর আগে কলকাতা পুরভোটে প্রহসনের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় সিপি(আই)এম এবং বিজেপি। সিপি(আই)এমের তরফে এবিষয়ে আদালতের কাছে অনুমোদন চেয়েছেন কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সিপি(আই)এম প্রার্থী দেবলীনা সরকার। একইসঙ্গে তথ্য এবং আবেদন প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপিও। সেই আবেদন গ্রহণ করেছে আদালত। আগামী ২৩ তারিখ কলকাতা হাইকোর্টের প্রধআনই বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে রয়েছে মামলার শুনানি।



