অষ্টম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা, কবে কার্যকর জানাল কেন্দ্র

৫০ লক্ষ কর্মী ও ৬৯ লক্ষ পেনশনভোগী পাবেন সুবিধা; ২০২৬ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা জোরালো বলে জানাল অর্থ মন্ত্রক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ জল্পনার পর অবশেষে অষ্টম বেতন কমিশন নিয়ে সংসদে বড় ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল—নতুন কমিশনের সুপারিশ কবে থেকে কার্যকর হবে এবং কাদের কাদের এর আওতায় আনা হবে। সেই প্রশ্নেরই উত্তর দিল অর্থ মন্ত্রক। লোকসভায় লিখিত জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, ৫০ লক্ষেরও বেশি কর্মচারী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগী সরাসরি অষ্টম বেতন কমিশনের সুবিধাভোগী হবেন।

তিনি জানান, কমিশন ইতিমধ্যেই গঠিত হয়েছে এবং তার Terms of Reference (ToR) অর্থাৎ রেফারেন্সের শর্তাবলী ৩ নভেম্বর অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত হয়েছে। ফলে সরকারি কর্মচারীদের বহুদিনের প্রত্যাশায় নতুন গতি এসেছে।

অষ্টম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা, কবে কার্যকর জানাল কেন্দ্র

মন্ত্রী স্পষ্ট করেন, অষ্টম বেতন কমিশন কখন কার্যকর হবে, তা সরকার সিদ্ধান্ত নেবে। সুপারিশ চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থবরাদ্দও করা হবে।

কবে কার্যকর হতে পারে অষ্টম বেতন কমিশন

অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (8th CPC) গঠনের তারিখের ১৮ মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে—এটাই নির্ধারিত নিয়ম। হিসেব অনুযায়ী, রিপোর্ট জমা পড়তে ২০২৭ সালের মাঝামাঝি সময় লাগার সম্ভাবনা রয়েছে। তবে পূর্ববর্তী বেতন কমিশনের নজির বলছে, সুপারিশ জমা দিতে দেরি হলেও কার্যকর হওয়ার দিন সাধারণত আগের মতোই থাকে।

অর্থাৎ, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। এমনকি সুপারিশ পরে এলেও কর্মীরা বকেয়া সহ সংশোধিত বেতন পাবেন—যেমন আগের কমিশনগুলিতে হয়েছে।

বেতন কত বাড়তে পারে

সরকারি সূত্রের ইঙ্গিত বলছে, অষ্টম বেতন কমিশনের ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ন্যূনতম বেসিক পে বাড়িয়ে ৩৪,৫০০ টাকা থেকে ৪১,000 টাকায় উন্নীত করার প্রস্তাব রয়েছে।

নতুন পে-স্ট্রাকচার চালু হলে সাধারণত মহার্ঘভাতা বা DA শূন্যে ফিরে যায়—এটা পুরনো নিয়ম। তবে কেন্দ্র পরিষ্কার জানিয়েছে, DA স্থায়ীভাবে বেসিকের সঙ্গে মিশিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা আপাতত নেই।

এই সিদ্ধান্তে স্বস্তিতে কর্মচারী মহল, কারণ DA পৃথকভাবে বজায় থাকলে ভবিষ্যতে বেতনবৃদ্ধির সুযোগ আরও থাকে।

কারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন

অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেন—

কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রেল কর্মী, প্রতিরক্ষা কর্মী, CAPF, আয়কর, ডাক বিভাগ, অডিট ও অ্যাকাউন্টস সংস্থা এবং মোট ১ কোটিরও বেশি বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মচারী

এই কমিশন কার্যকর হলে শুধু বেতনই নয়, পেনশন, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট—সব ক্ষেত্রেই পরিবর্তন আসবে।

কেন এত গুরুত্ব অষ্টম বেতন কমিশনের

ভারতের মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার খরচ ও বাজার মূল্যের সঙ্গে কর্মচারীদের বেতন সঙ্গতিপূর্ণ রাখতে বেতন কমিশন প্রতি ১০ বছরে একবার করে গঠন করা হয়। সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে। ফলে ২০২৬ সাল থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা লজিক্যাল ও বাস্তবসম্মত।

অর্থনীতিবিদদের মতে, নতুন বেতন কমিশন বাস্তবায়িত হলে অর্থনীতিতে চাহিদা বাড়বে। তবে সরকারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে—যা নিয়ে নীতি-পর্যায়ে আলোচনা চলছে।

কর্মচারী মহলে ইতিমধ্যেই আশার হাওয়া। অনেকের মতে, সপ্তম বেতন কমিশনের তুলনায় এবার কেন্দ্রীয় কর্মীদের বেতনবৃদ্ধি আরও বাস্তবসম্মত ও বাজারমুখী হতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত