সিরিয়ার গৃহযুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি থেকে ৭৫ জন ভারতীয়কে নিরাপদে উদ্ধার করে লেবাননে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই তথ্য জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সাইদা জ়নাব অঞ্চলে আটকে পড়া জম্মু ও কাশ্মীরের ৪৪ জন বাসিন্দাসহ অন্যান্য ভারতীয়দের উদ্ধার করা হয়েছে।
সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধ বাশার আল-আসাদ সরকারের পতনের মধ্যে দিয়ে আরও উত্তাল হয়েছে। বিদ্রোহীদের দখলে থাকা সিরিয়ায় আটকে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ বাড়ছিল। এর প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক সিরিয়া থেকে প্রবাসী ভারতীয়দের সুরক্ষিতভাবে বের করে আনার উদ্যোগ নেয়।
উদ্ধার হওয়া ভারতীয়দের প্রথমে সিরিয়ার সীমান্ত পার করিয়ে লেবাননে নিয়ে যাওয়া হয়। এরপর ভারতীয় দূতাবাসের সহায়তায় বিমানে তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। সিরিয়া এবং লেবাননের ভারতীয় দূতাবাস যৌথভাবে এই উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেছে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, সিরিয়ায় এখনও কোনো ভারতীয় নাগরিক আটকে আছেন কি না, তা স্পষ্ট নয়। তবে সিরিয়ায় থাকা ভারতীয়দের সহায়তার জন্য দামাস্কাসে ভারতীয় দূতাবাস একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। প্রবাসীরা সরাসরি নম্বর (+৯৬৩) ৯৯৩৩৮৫৯৭৩-এ যোগাযোগ করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ ও ইমেলের মাধ্যমে দূতাবাসের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।
তপ্ত পরিস্থিতিতে আটকে থাকা প্রবাসীদের সুরক্ষায় বিদেশ মন্ত্রকের দ্রুত পদক্ষেপ দেশবাসীর প্রশংসা কুড়িয়েছে। সিরিয়া থেকে উদ্ধার করা ভারতীয়দের দ্রুত দেশে ফিরিয়ে আনার কাজ চলমান।



