নজরবন্দি ব্যুরোঃ ওবেলা কোভ্যাক্সিন, এবেলা কোভিশিল্ড! আজই দুইয়ে মিলিয়ে মোট লাখ সাতের টিকা আসছে রাজ্যে। গত কয়েকমাসের হাহাকার কিছুটা কমেছে দেশ জুড়ে। অক্সিজেন, হাসপাতালের বেডের চাহিদা কিছু কমলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নয়, তার মধ্যেই সম্ভাবনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার। আর এই মুহুর্তে দেশবাসীর কাছে সবথেকে বেশি প্রয়োজন টিকার।
আরও পড়ুনঃ তাড়াতাড়ি মিটুক বিধানসভা-রাজ্যসভার উপনির্বাচন, কমিশনের দরজায় তৃণমূল
তার মধ্যেই গত একমাসে দেশের প্রায় সব রাজ্যের ঘাটতি দেখা গেছে টিকার। একাধিক জায়গায় টিকার অভাবে বন্ধ হয়েছে টিকাকরণ। বাংলার মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন রাজ্যবাসিকে বিনামূল্যে টিকা দেবেন তিনি। সেই মত রাজ্য সরকার কেন্দ্রের থেকে চাহিদা মত টিকা কিনছে। ভ্যাকসিনের ডোজের জোগান কম থাকায় প্রথম ডোজের টিকাকরণ বন্ধ ছিল এতদিন কলকাতায়। দুদিন আগেই ৫০ হাজার কোভ্যাক্সিন, ২ লক্ষের কাছাকাছি কোভিশিল্ড আসায় ফের শুরু হয়েছে টিকাকরণ।
ওবেলা কোভ্যাক্সিন, এবেলা কোভিশিল্ড! রাজ্যবাসীর টিকাকরণের স্বার্থে আজই রাজ্যে আসছে প্রায় ৭ লক্ষ টিকা। আজ অর্থাৎ বুধবার সকালেই রাজ্যে এসে পৌঁছেছে প্রায় আড়াই লাখ কোভ্যাক্সিনের ডোজ। সুত্রের খবর আজই কেন্দ্রের তরফ থেকে বাংলার জন্য ৫ লাখ ২০ হাজার কোভিশিল্ড পাঠানো হচ্ছে। বিকেলের মধ্যেই এসে পৌঁছবে রাজ্যে।



