নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে তৈরি হচ্ছে ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট, সঙ্কট থাকবে না অক্সিজেনের। ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য অক্সিজেনের কোন সঙ্কট নেই। এমনকি এখনই যে ব্যাবস্থা রয়েছে তাতে সাড়ে ১২ হাজার রোগীকে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন ভাবে অক্সিজেন পরিষেবা দেওয়া সম্ভব। বিবৃতি দিয়ে নবান্ন জানিয়েছে আগামী ১৫ই মে’র মধ্যে একসাথে সাড়ে ১৫ হাজার করোনা আক্রান্ত কে ২৪ ঘণ্টা অক্সিজেন পরিষেবা দিতে পারবে রাজ্য।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় ৭৩ টি মৃত্যু, বাংলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১ লাখ।
নবান্নের তরফে বলা হয়েছে, ইতিমধ্যেই ১০৫টি সরকারি কোভিড হাসপাতালে পাইপলাইন দিয়ে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৫ মে-র মধ্যে আরও ৪১টি সরকারি হাসপাতালে অক্সিজেন পাইপলাইন বসানো হবে। বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ, রাজ্য জেলা হাসপাতাল, সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এবং মহকুমা হাসপাতালের মুখ্য আধিকারিকরা নিজেরাই সিএমএস অনুমোদিত হারে অর্থ দফতরের নির্দেশ মেনে অক্সিজেন সরবরাহ করতে পারবেন। এমনকী অক্সিজেনের পাইপলাইন সম্প্রসারণের কাজও করতে পারবেন।
রাজ্যে তৈরি হচ্ছে ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট, ঘোষণা করেছে নবান্ন। এদিকে আজ রাজ্যে সার্বিক ভাবে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৪০৩ জন জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৬১৫ জন। ২৪ ঘন্টায় ৭৩ টি মৃত্যু নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৮২ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৬৬৪ জন।
আজকের ১০ হাজার ৬৬৪ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ৬৪ হাজার ৬৪৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫৫ হাজার ২৮৭ টি। যা গতকালের থেকে প্রায় ৭ হাজার বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২ লক্ষ ৭০ হাজার ৬৪৫ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৫৬ শতাংশ। আজকের তথ্য অনুযায়ী ৮৫.৬১ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। যা এপ্রিল মাসের ১ তারিখে ছিল প্রায় ৯৮ শতাংশ।



