নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতায় ফের সংসদ যাত্রার ঘোষণা করল সংযুক্ত কিষাণ মোর্চা। ২৯ তারিখ থেকে শুরু হচ্ছে সংসদ অধিবেশন৷ সেদিনেই ট্রাক্টর নিয়ে গাজিপুর এবং টিকরি বর্ডার থেকে সংসদের উদ্দেশ্যে রওনা দেবেন কৃষকরা। মঙ্গলবার সংযুক্ত কিষাণ মোর্চার নয় জনের কমিটির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ অনলাইন, কারা যেতে পারবেন কলেজে?
কৃষকদের তরফে জানানো হয়েছে, ওই দিন দিল্লি পুলিশের তরফে যেখানেই আটকানো হবে সেখানেই আন্দোলনে বসে যাবেন তাঁরা৷ এবিষয়ে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়েছে, প্রত্যেকদিন সংযুক্ত কিষাণ মোর্চার তরফে আন্দোলনরত কৃষকদের ৫০০ জনের প্রতিনিধি দল প্রত্যেকদিন সংসদের উদ্দেশ্যে রওনা দেবে৷
ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা যদুবীর সিং জানিয়েছেন, “আমরা সংসদের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের যেখানেই দিল্লি পুলিশ আটকাবে আমরা সেখানেই আন্দোলনে বসে যাবো। প্রায় ৫০০ জন করে কৃষক প্রত্যেকদিন সংসদের উদ্দেশ্যে রওনা দেবেন৷ আমরা চাই সরকার কৃষকদের দাবী মেনে নিক”।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতায় আন্দোলন শুরু করেছেন কৃষকরা। ২৬ নভেম্বর দিল্লির উদ্দেশ্যে রওনা দেন আন্দোলনরত কৃষকরা। কিন্তু কংক্রিটের ব্যারিকেড, কাঁটাতার, জলকামান দিয়ে কৃষকদের পথ আটকায় পুলিশ৷ তারপর থেকে সিংঘু, টিকরি এবং গাজিপুর সীমান্তে দীর্ঘ আন্দোলন জারি রেখেছেন কৃষকরা।
কৃষক আন্দোলনের বর্ষপূর্তিতে সংসদ যাত্রা করবে সংযুক্ত কিষান মোর্চা।

দিল্লি উপকন্ঠে কৃষকদের আন্দোলন এক বছরে পা দেবে আগামী ২৬ নভেম্বর। তার আগে ২৮ তারিখ মুম্বইয়ের আজাদ ময়দানে বসবে কৃষকদের মহাপঞ্চায়েত। এর পরেই সংসদের উদ্দেশ্যে রওনা দেবেন কৃষকরা।
এর আগে বাদল অধিবেশন চলাকালীন দিল্লি উপকন্ঠ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল আন্দোলনরত কৃষকদের প্রতিনিধি দল৷ প্রত্যেকদিন যন্তরমন্তরে নিয়ম করে চলত কৃষক সংসদ। এমনকি নির্দিষ্ট দিন ধার্য করা হত মহিলা কৃষকদের জন্য। কৃষকদের কথা সরকারের কানে পৌঁছানো এবং সরকারকে তিন কৃষি আইন প্রত্যাহারে বাধ্য করাই কৃষকদের মূল উদ্দেশ্য।



