নজরবন্দি ব্যুরোঃ পথশ্রী (Pathashree) প্রকল্পের শুরুতেই বড়সড় ধাক্কা খেল প্রশাসন। দুর্নীতির অভিযোগ বাঁকুড়া ২ নম্বর ব্লকের করণজোড়া এলাকায় পথশ্রী প্রকল্পে নির্মীয়মাণ একটি রাস্তার কাজ আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা নির্মাণের জন্য অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ভাল মানের সামগ্রী ব্যবহার করে কাজ না করলে রাস্তা নির্মাণ করতে দেওয়া হবে না বলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ তীব্র দাবদাহের সম্ভাবনা! ৪০ ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে, বড়সড় পরিবর্তন আবহাওয়াতে

স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া ২ নম্বর ব্লকের করণজোড়া থেকে কেন্দবনি গ্রাম পর্যন্ত এক কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণের জন্য পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছিল ৩৮ লক্ষ ৭৫ হাজার টাকা। দুদিন আগে সেই বরাদ্দ অর্থের টাকায় শুরু হয় রাস্তা নির্মানের কাজ। কিন্তু কাজ শুরু হতেই দেখা যায় স্থানীয় নেতাদের তত্ত্বাবধানে ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে রাস্তা নির্মানে।

এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে এলাকার মানুষ বিক্ষোভ শুরু করেন। স্থানীয় মানুষদের বিক্ষোভে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেন ঠিকাদার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই নিম্নমানের সামগ্রী দিয়ে কোনও ভাবেই তাঁরা রাস্তা নির্মাণ করতে দেবেন না। যদিও বরাত পাওয়া ঠিকাদার সংস্থার দাবি, অভিযোগ মিথ্যা। ওয়ার্ক অর্ডার পাওয়ার পর এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে। ইতিমধ্যেই বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
পথশ্রী প্রকল্পে কাটমানি, ৩৮ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ গ্রামবাসীদের!

তৃণমূলের দাবি, বিজেপি এবং সিপিআইএম উন্নয়নে বাধা দিতে রাস্তা নির্মানের কাজ বন্ধ করার চক্রান্ত করছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে শাসক দলের নেতাদের কাটমানি দেওয়ার জন্যে ঠিকাদার নিম্নমানের সামগ্ররী ব্যবহার করছে। প্রশাসনের পক্ষে বলা হয়েছে, এখনও কোন লিখিত অভিযোগ সামনে আসেনি। অভিযোগ পেলে তদন্ত হবে।



