নজরবন্দি ব্যুরো: গোটা দেশের পরিস্থিতি ভয়ানক। প্রচন্ড খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের রাজধানীতে। হাসপাতালে বেড শেষ, অক্সিজেনের অভাবে থেমে যাচ্ছে একের পর এক মানুষের প্রাণ। পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে বাংলায়। অক্সিজেনের ঘাটতি এখনো প্রকট না হলেও একে একে শেষ হচ্ছে ভান্ডার। রাজ্যের অবস্থা দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। যেকোনো দিন চরম সংকটের মুহূর্ত তৈরি হতে পারে ভেবেই বিকল্প রাস্তা খুঁজে রাখছে সরকার। আগামী দিনে প্রয়োজনে রাজ্যের সকল মানুষকে পরিমাণ মতো এবং সময়ে অক্সিজেন এবং বেড দিতে পারার জন্য আজই বৈঠক হয় দফায় দফায়। এবং একই দিনে কোভিড পরিস্থিতি মোকাবিলায় একাধিক নয়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ প্রতি পাঁচজনের একজন পজিটিভ, ৩০ দিনে ৩১ গুণ সংক্রমণ বাংলায়!


বাংলায় এখনো অক্সিজেনের ঘাটতি না ঘটলেও পড়শি রাজ্য দেখে কোনরকম রিস্ক নিতে চাইছেন না চিকিৎসক মহল। অনেক সংখ্যক রোগী ভর্তি থাকায় কলকাতা মেডিক্যাল কলেজেও এই মুহূর্তে প্রবল চাহিদা রয়েছে অক্সিজেনের। দেশের বিভিন্ন রাজ্যের সংকটময় পরিস্থিতি দেখে তাই ভয়াবহ কিছু ঘটার আগেই শিক্ষা নিতে চাইছে কলকাতা মেডিক্যাল। সূত্রের খবর অক্সিজেনের চাহিদা পূরণ করতে ৫ হাজার লিটারের অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা করা হয়েছে। সেখান থেকেই পাইলাইনের মাধ্যমে যুক্ত থাকবে সমস্ত কোভিড ওয়ার্ড। এবং প্রয়োজন অনুযায়ী অক্সিজেন পৌঁছে যাবে রোগীদের কাছে।
একই সঙ্গে অক্সিজেনের চরম আকালের সময়ে গোটা রাজ্য জুড়ে কোভিড হাসপাতাল গুলির মধ্যে অক্সিজেন সরবরাহ জারি রাখতে নয়া পদক্ষেপের কথা জানানো হয়েছে নবান্নর তরফ থেকে। রাজ্য জুড়ে অক্সিজেনের বন্টনের জন্য এবং তার প্রকৃত দেখভালের জন্য তৈরি হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। নিয়োগ করা হচ্ছে নোডাল অফিসারদের। আগামী কাল অর্থাৎ সোমবার থেকে শুরু হবে পরিকল্পিত বিশেষ কন্ট্রোল রুম। যার মাধ্যমে সেখান থেকেই সরকারের শীর্ষ আমলারা যোগাযোগ রাখবেন জেলার হাসপাতাল এবং নোডাল অফিসারদের সঙ্গে। জেলা স্তর থেকে যোগাযোগ করলেই সরাসরি সেখানে পৌঁছে যাবে অক্সিজেন।
সূত্রের খবর স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য সাথী বিল্ডিংয়ে এই কন্ট্রোল রুম খোলা হবে। সমগ্র কাজকে ভাগ করা হয়েছে তিন শিফটে। প্রতি শিফটে কাজ করবেন তিনজন করে স্বাস্থ্য কর্তা। ওই সময়ের সমস্ত সরবরাহের দায়িত্বে থাকবেন তিনি। নবান্নের তরফ থেকে কন্ট্রোল রুমের হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে।
৭৫৯৬০৫৬৪৪৩
৭৫৯৬০৫৬৪৪৪


অক্সিজেন সরবরাহ মসৃণ এবং সুনিশ্চিত করার পাশাপাশি আজই রাজ্যে কোভিড রোগীদের জন্য বেডের পরিমাণ বাড়িয়েছে সরকার। পরিস্থিতির মোকাবিলায় বেশ কয়েকদিন আগেই নবান্নের তরফ থেকে বৈঠকে জানানো হয়েছিল বাড়ানো হবে হাসপাতালের বেড। প্রয়োজনে হোটেল গুলিকে সংযুক্ত করা হবে হাসপাতাল গুলির সঙ্গে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কাছে মুখ থুবড়ে পড়েছে গোটা দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করোনা রোগীদের চিকিৎসার জন্য গোটা রাজ্য জুড়ে বেসরকারি নার্সিংহোম গুলি থেকে ১৩৮৭ টি বেড গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কলকাতার একাধিক নার্সিংহোম সহ উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, বর্ধমানের একাধিক নার্সিংহোম থেকে বেড অধিগ্রহণ করে কোভিড বেড়ে স্থানান্তরিত করা হবে সেগুলি।







