নজরবন্দি ব্যুরোঃ প্রতি পাঁচজনের একজন পজিটিভ! নজিরবিহীন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বাংলা। ২৫ এপ্রিল রাজ্যে সংক্রমিতের সংখ্যা যেখানে ১৬ হাজার ছুঁইছুঁই, সেখানে ঠিক এক মাস আগে গত ২৫ মার্চ নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ৫১৬ জন। অর্থাৎ, সংক্রমণের সংখ্যাটা ছিল ৩১ গুণ কম। একমাস আগে রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯৫০ জন। আর এদিন সেটা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮০০ জন।
আরও পড়ুনঃ রাত পোহালেই ভোট সপ্তমী, ‘১৬-‘১৯ দেখে নিন কোন দল কোথায় দাঁড়িয়ে।


রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে ব্যাপকভাবে। সংক্রমণের ধাক্কা লেগেছে উত্তর থেকে দক্ষিণে, বাদ নেই কোন জেলাই। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭৯ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৪০ জন। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৮৮৯ এবং ৯৮৬। গত ২৪ ঘন্টায় বীরভূমে আক্রান্ত হয়েছেন ৬৫৬ জন। হুগলী এবং পশ্চিম বর্ধমান জেলাতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৭৫১ এবং ৭৪৫ জন।
রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় ১৬ হাজার, আজ সার্বিক ভাবে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৮৮৯ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৪৩ হাজার ৯৫০ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৮৮ হাজার ৮০০ জন। আজ করোনা কেড়ে নিল ৫৭ টি প্রাণ। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৯৪১ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৪০৭ জন।
প্রতি পাঁচজনের একজন পজিটিভ, চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার এদিন বলেছেন, “এই মুহূর্তে সবার টেস্ট করলে হয়তো দেখা যাবে রাজ্যে পাঁচজনের মধ্যে একজন পজিটিভ।” চিকিৎসক কুণাল সরকার বলেছেন, “এই মুহূর্তে সংক্রমিতের সংখ্যাটা রূপক-মাত্র। আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি।” পরামর্শ হিসেবে চিকিৎসকরা বলছেন, সামান্যতম উপসর্গ থাকলেও টেস্ট করান। প্রশ্ন হল টেস্ট চাইলেই কি করা যাচ্ছে রাজ্যে?









