নজরবন্দি ব্যুরোঃ কে বসতে চলেছেন বিহারের মনসদে? আগামী পাঁচবছর কার রাজত্ব চলবে বিহারে? ৯৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিহারে আজ দ্বিতীয় দফার ভোট।লড়াইয়ের ময়দানে রয়েছেন এনডিএ শরিক জেডিইউ প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং আরজেডি তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। অন্য়দিকে জাতীয় স্তরের রাজনৈতিক মুখ সিপিআই নেতা কানহাইয়া কুমার বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। তাই নির্বাচনের বিশেষ গুরুত্বপূর্ন এলাকা হিসেবে সকলের নজর বেগুসরাই-এর ভোটের দিকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেলা নালন্দা, ও তেজস্বী যাদবের কেন্দ্র রাঘোপুরা নজরে রয়েছে।
আরও পড়ুনঃ আবারও দুঃসংবাদ! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মারাদোনা


নির্বাচন কমিশন সূত্রে খবর, করোনা প্রোটকল মেনেই বিহারে দ্বিতীয় দফায় ৯৪ আসনে চলছে ভোট গ্রহণ। সকাল ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হবে সন্ধে ৬টায়। শেষ এক ঘণ্টা ভোট দেওয়ার সুযোগ পাবেন করোনা আক্রান্তরা। পাটনা, ভাগলপুর, নালন্দা, চম্পারণ, মধুবনি, দ্বারভাঙ্গা, মুজফফরপুর, গোপালগঞ্জ, সমস্তিপুর, বেগুসরাই-সহ ১৭টি আসনে চলছে ভোটগ্রহণ। এই ৯৪ আসনে মোট ২ কোটি ৮৫ লক্ষ মানুষ মোট ১ হাজার ৪৬৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এদের মধ্যে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী হলেন আরজেডির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব, প্রাক্তন মন্ত্রী তথা তেজস্বীর দাদা তেজপ্রতাপ যাদব, নীতীশ কুমারের মন্ত্রিসভার ৪ মন্ত্রী এবং কংগ্রেস প্রার্থী লভ সিনহা।
৯৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিহারে আজ দ্বিতীয় দফার ভোট। বিহারে মোট তিন দফায় ভোট প্রক্রিয়া চলবে। জানা যাচ্ছে, তার মধ্যে এই দ্বিতীয় দফাতেই সর্বাধিক আসনে ভোট হচ্ছে। মোট ভোটদাতার সংখ্যা ২.৮৫ কোটি। ৪৩ টি আসনে লড়াই করছে জেডিইউ। ৪৬ টি আসনে লড়ছে বিজেপি। এবং ৫৬ টি আসনে লড়ছে বিরোধী মহাজোটের আরজেডি। ২৪ টি আসনে লড়াই দিচ্ছে জাতীয় কংগ্রেস। সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল জোট শরিক হিসাবে দ্বিতীয় দফার ভোটে সর্বাধিক আসনে লড়াই করছে।
এদিন সকাল থেকেই বুথের সামনে সামাজিক দূরত্ব মেনে ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। এদিন সাতসকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে ভোটারদের বড় সংখ্যায় গণতন্ত্রের উৎসবে শামিল হতে অনুরোধ করেছেন। টুইটে মোদি বলেন,”বিহারের দ্বিতীয় দফার নির্বাচন আজ। সব ভোটারের কাছে আমার অনুরোধ আপনারা বড় সংখ্যায় ভোট দিন। এবং গণতন্ত্রের এই উৎসবকে সফল করুন। তবে, এর মধ্যে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলুন।”









