আরসিবি (RCB) ফ্র্যাঞ্চাইজির আইপিএল জয়ের আনন্দ যেন রূপ নিল চরম ট্র্যাজেডিতে। বুধবার বেঙ্গালুরুর একটি স্টেডিয়ামের বাইরে আরসিবির জয়ের সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ১১ জন সমর্থক, আহত অন্তত ৩৭ জন। ঘটনায় গোটা ক্রিকেট দুনিয়া স্তব্ধ। কর্নাটক সরকার এই মর্মান্তিক ঘটনায় নিয়েছে কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেছেন, বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে বরখাস্তের নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আরসিবি প্রতিনিধি, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KSCA) কর্তা ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে।


সিদ্দারামাইয়া স্পষ্ট ভাষায় বলেন, “এটি একটি নজিরবিহীন ঘটনা। আমরা ১১ জনকে হারিয়েছি, আহত হয়েছেন ৩৭ জনের বেশি। আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।” পাশাপাশি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জন মাইকেল ডি’কুনহার নেতৃত্বে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের কথা জানিয়েছেন তিনি।
প্রশ্ন উঠেছে, পুলিশি অনুমতি না থাকা সত্ত্বেও কেন আরসিবি তাদের সোশ্যাল মিডিয়ায় বিজয় মিছিলের ঘোষণা করেছিল? বেঙ্গালুরু পুলিশ ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে, যাতে স্পষ্টভাবে RCB ও KSCA-র নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার মাধ্যমে ক্রিকেটভিত্তিক অনুষ্ঠান পরিচালনার দায় ও নিরাপত্তা ব্যবস্থাপনার গুরুতর ঘাটতি আবারও প্রকাশ্যে এসেছে। ঘটনায় জনরোষ তীব্র হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন—এই মৃত্যু কার দায়িত্বে?










