নজরবন্দি ব্যুরোঃ ৭৫০ জন চালক করোনা আক্রান্ত, শিয়ালদা ডিভিশনে বাতিল করা হল ১০৮টি লোকাল ট্রেন! করোনার ছোবলের প্রভাব পড়ল বাংলার রেল পরিষেবায়। যত দিন গড়াচ্ছে, হাওড়া ও শিয়ালদা শাখায় রেলকর্মীদের মধ্যে সংক্রমণ মাথাচাড়া দিচ্ছে। ব্যাপকভাবে সংক্রামিত হচ্ছেন রেলকর্মীরা। যে কারণে চাইলেও স্বাভাবিক ভাবে রেল পরিষেবা দিতে পারছেনা পূর্ব রেল। শিয়ালদা ডিভিশনে মোট ৯২০ টি লোকাল ট্রেন চলে তাঁর মধ্যে ১০৮ টি ট্রেন বাতিল হয়েছে এদিন।
আরও পড়ুনঃ অবস্থা ভয়াবহ ভারতে, ৪ঠা’মে থেকে ভারতীয়দের প্রবেশ নিষেধ আমেরিকায়


গত কয়েকদিনের মতো আজও একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে পূর্ব রেলের তরফে। ৭৫০ জন চালক করোনা আক্রান্ত। পূর্ব রেলে আক্রান্ত মোট ১২০০-র উপর রেলকর্মী। বেলাগাম করোনা সংক্রমণের জেরে কার্যত থমকে গিয়েছে বাংলার রেল পরিষেবা। রেল আধিকারিকরা বলছেন, লোকাল ট্রেনে কোভিড বিধি মানা হচ্ছেনা। রেল পুলিশের পক্ষে সমস্ত ষ্টেশন এবং ট্রেনের সমস্ত বগিতে নজরদারি চালান সম্ভব নয়। মানুষের সচেতনতা প্রয়োজন।
এদিকে লাফিয়ে লাফিয়ে দেশে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন, মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের। অন্যদিকে করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৯ হাজার ৯৮৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন, সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন। দেশে করোনা প্রাণ কেড়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন।
করোনা কে রুখতে ইতিমধ্যেই একাধিক রাজ্যে জারি হয়েছে কার্ফু। পশ্চিমবঙ্গেও সংক্রমণ চেন ভাঙতে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে নবান্ন। আংশিক লকডাউন শুরু করেছে রাজ্য সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড় ভরসা টিকাকরণ। কিন্তু টিকা নিয়ে হাহাকার চলছে রাজ্যে রাজ্যে। অনেক রাজ্যেই ভ্যাকসিনের অভাবে বন্ধ হয়ে গিয়েছে টিকাকরনের কাজ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৬৩৫ জন টিকা পেয়েছেন।









