নজরবন্দি ব্যুরোঃ আপনার ছেলে প্রতিবাদী ছেলে। সারা বাংলার মানুষ জানে। শনিবার আমতার ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খানকে একথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরও বলেন, ছেলেও প্রতিবাদী, বাবাও প্রতিবাদী, গর্ব হচ্ছে।
আরও পড়ুনঃ খোঁজ মিলছে না ইউক্রেনে ডাক্তারি পড়ুয়া ছাত্র মালদার মাসুম হামিদের, উৎকণ্ঠায় বাবা-মা


শনিবার দুপুর দেড়টা নাগাদ হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ২০০৮ সালের ছাত্র পরিষদের অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিল আনিস খান। তাঁর সঙ্গে আনিসের ছবি রয়েছে বলে দাবী করেন অধীর চৌধুরী। এই পরিস্থিতিতে সব সময় পরিবারের পাশে রয়েছেন বলে দাবী করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ।

আনিসকাণ্ড নিয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ। তিনি বলেন, আনিসের মৃত্যু ধামাচাপা দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সক্রিয় হয়েছেন। ঘটনার সঙ্গে বাংলার প্রশাসন, স্থানীয় তৃণমূল নেতারা যুক্ত রয়েছে বলেও দাবী করেন তিনি। এসআইটি অধীরের বক্তব্য, বাংলার মুখ্যমন্ত্রী কাদের সিট দেখাচ্ছেন, সারদা কাণ্ডেও সিট গঠন হয়েছিল। তাঁরা কি করেছিল আমরা সবাই জানি। আমি চাই আদালতের তত্বাবধানে সিবিআই তদন্ত হোক।


আনিস মৃত্যুর ঘটনায় আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে হেফাজতে নিয়েছে পুলিশ। যদিও দুই অভিযুক্তদের দাবী, তাঁরা ওসির নির্দেশ মেনেই কাজ করেছেন। তাঁদেরকে এখন বলির পাঁঠা করা হচ্ছে। যদিও আনিসের বাড়িতে যাওয়ার বিষয়ে কোনও লিখিত নির্দেশ পাওয়া যায়নি।
আপনার ছেলে প্রতিবাদী ছেলে, আনিসের বাবাকে বললেন অধীর চৌধুরী

ওই দিন ডিউটিতে থাকা পুলিশ অফিসারদের ফোন কলের লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে রেজিস্টার। কয়েকদিনের মধ্যেই সমস্ত রিপোর্ট জমা দিতে হবে। তাই তদন্তের গতিপ্রকৃতি বাড়াতে চাইছেন সিটের আধিকারিকরা।








