বাংলায় ফিরলেন ঋদ্ধিমান, অধিনায়ক হবেন? কী জানালেন তিনি

Wriddhiman Saha: আগামী দিনে যদি সিএবি আমাকে অন্য কোনও দায়িত্ব দেয় সেটাও করতে রাজি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দু বছর পর ত্রিপুরা থেকে বাংলায় ফিরলেন ঋদ্ধিমান সাহা। আর বাংলায় ফিরেই রঞ্জি খেলার ইচ্ছে প্রকাশ করলেন জাতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার। মঙ্গলবার থেকে শুরু হয়েছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। এই লিগে রাশমি মেদিনীপুর উইজার্ডসের হয়ে খেলছেন। অভিমন্যু ঈশ্বরণ চোট পাওয়ায় তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন ঋদ্ধিমান সাহা। মাঝে দু বছর বাংলা ছেড়ে ত্রিপুরা চলে গিয়েছিলেন। ঘরের ছেলে আবার ঘরে ফিরে এসেছেন।

অর্থাৎ সামনের মরশুমে আবারও বাংলার জার্সি গায়ে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে। এদিন ইডেনের তিনতলার প্রেস কনফারেন্স রুমে বসে ঋদ্ধি বলছিলেন, ‘‘আগে কী হয়েছে, সেটা আর মনে নেই আমার। অতীতে কী ঘটেছে কিংবা ভবিষ্যতে কী ঘটবে, সেটা নিয়ে ভাবি না। আমি শুধু বর্তমান নিয়ে থাকতে চাই। তাই আমার এখন লক্ষ্য হল রনজি ট্রফি। সেটা নিয়েই ফোকাস করছি। সাম্প্রতিককালে আমরা খুব ভালো খেলছি। দু’বার ফাইনাল খেলেছি। শুধু ছোটোখাটো কিছু ভুল হচ্ছে, সেগুলো শুধরে নিতে হবে। আর একটু ধারাবাহিক হতে হবে।’’

শুধু তাই নয়, একই সঙ্গে ভবিষ্যতেরও ঘোষণা করে রাখলেন ঋদ্ধিমান। বললেন, “আগামী দিনে যদি সিএবি আমাকে অন্য কোনও দায়িত্ব দেয় সেটাও করতে রাজি। বাংলার হয়ে খেলার জন্যে অনেক চাকরির প্রস্তাব ফিরিয়েছি। যেখান থেকে আমার উত্থান সেখানকার জন্য কিছু করতে পারলে ভাল লাগবে।”

তবে অধিনায়ক হওয়ার কথা মুখে স্বীকার করতে চাইলেন না। বললেন, “এখনও অনেক সময় রয়েছে। এখনই কিছু বলতে পারব না। দলের জন্য যেটা ভাল মনে হবে সেটাই করব। প্রথম ম্যাচ খেলার আগে অন্তত দু’মাস বাকি আছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত