টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। তার মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল বাংলাদেশকে ঘিরে নতুন নাটকীয়তায়। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি, আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপ থেকে বাদ পড়া, আর তার জেরে পাকিস্তানের বয়কট ঘোষণা—সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হয়েছে বিরাট অনিশ্চয়তা। এই অচলাবস্থা কাটাতেই এবার লাহোরে পিসিবি প্রধান মহসিন নকভির সঙ্গে বৈঠকে বসতে পৌঁছলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সূত্রের খবর, চলতি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট মহলে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সমাধানের পথ খুঁজতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করতে লাহোরে পৌঁছেছেন বিসিবি সভাপতি।
বিশ্বকাপের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারতের মাটিতে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে দল পাঠাতে অস্বীকার করে। পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আবেদন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আইসিসির বিশেষ কমিটি পরিস্থিতি খতিয়ে দেখে জানায়, ভারতে নিরাপত্তা যথেষ্ট সুরক্ষিত। ফলে বাংলাদেশের আবেদন খারিজ করা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করতে না পারায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। তাদের জায়গায় গ্রুপ ‘সি’-তে সুযোগ পায় স্কটল্যান্ড।
এই সিদ্ধান্তের বিরোধিতা করে বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান। পাক সরকার ও পিসিবি প্রকাশ্যে জানায়, বাংলাদেশের সঙ্গে হওয়া আচরণ ‘অন্যায়’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতীয় দলকে ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বয়কটের নির্দেশ দিয়েছেন বলেও জানা যায়।


পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির মতে, কোনও দলকে এমন জায়গায় খেলতে বাধ্য করা উচিত নয়, যেখানে তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিসিবি ও পিসিবির এই বৈঠকের পর দুই বোর্ডই আইসিসি কর্তাদের সঙ্গে যৌথভাবে আলোচনায় বসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
এই কূটনৈতিক ও ক্রীড়া-রাজনৈতিক টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর গোটা ক্রিকেট বিশ্বের।










