লোকসভা নির্বাচনে ঘিরে রাজ্য-রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। তৃণমূল সব আসনেই প্রার্থী দিয়ে দিয়েছে। প্রধান বিরোধী দল বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলিও অধিকাংশ আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। ভোটে কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন এই চর্চার মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল দিলীপ ঘোষের (Dilip Ghosh) কেন্দ্র বদল। মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে। ২০১৯-এর পর থেকেই মেদিনীপুর বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে দিলীপ ঘোষের অনুপস্থিতিতে শাসক দল তৃণমূল কী ফের এই কেন্দ্র নিজের ঝুলিতে রাখতে পারবে?



আরও পড়ুন: ‘এটা কংগ্রেসের ইস্তেহার নাকি রাহুল গান্ধীর বিদেশ সফরের আইটেনারি?’মোদীর বিরুদ্ধে কমিশনে কংগ্রেস
তৃণমূল কংগ্রেস মেদিনীপুর লোকসভা কেন্দ্র (Medinipur Lok Sabha constituency) থেকে প্রার্থী করেছে মেদিনীপুরের তারকা বিধায়ক জুন মালিয়াকে (June Malia)। গত বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বীতা করেই বিপুল ভোটে জয়লাভ করেছিলেন জুন। লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করার পর থেকেই শোনা গিয়েছিল, তারকার বিরুদ্ধে তারকা প্রার্থী দিতে চাইছে বিজেপি। সেক্ষেত্রে দিলীপ ঘোষকে ওই আসন থেকে সরানো হতে পারে। এই জল্পনা চলছিল বেশ কিছু সময় ধরে। শেষপর্যন্ত আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলকে জুনের বিরুদ্ধে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। ২০১৯ সালে এই আসনে জয় পাওয়া বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে বর্ধমান-দুর্গাপুরে। সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল এরফলে বিজেপি কিছুটা ব্যাকফুটে রয়েছে। যদিও এসব পরোয়া না করেই প্রচারে নেমে পড়েছে বিজেপি।



পশ্চিম মেদিনীপুরের ৬ টি বিধানসভা (দাঁতন, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড়, খড়গপুর, মেদিনীপুর) ও পূর্ব মেদিনীপুরের ১ টি বিধানসভা (এগরা) নিয়ে ১৯৫২ সালে গঠিত হয় মেদিনীপুর লোকসভা কেন্দ্র। ১৯৫২ থেকে ১৯৬৯ পর্যন্ত কংগ্রেসের দখলে ছিল এই আসনটি। এরপর ২০০৯ সাল পর্যন্ত সিপিআই-এর দখলে ছিল। ২০১১ সালে বাংলায় ক্ষমতায় আসার পর ২০১৪ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী অভিনেত্রী সন্ধ্যা রায় জয়লাভ করেন। কিন্তু পাঁচ বছর পরই পালা বদল হয়। ২০১৯ সালে দিলীপ ঘোষ বিজেপির টিকিটে এই আসনে জয় পান। ২০২৪ সালে ফের মেদিনীপুরের আসনে নিজেদের ঝুলিতে ফেরাতে মরিয়া তৃণমূল (TMC)।
বিজেপির শক্ত ঘাঁটি মেদিনীপুর, দিলীপের ‘অনুপস্থিতি’ তৃণমূলকে ফেরাতে পারবে এই কেন্দ্রে?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ায় মেদিনীপুরে জুন মালিয়ার জয়ের রাস্তা অনেকটাই সহজ করে দিয়েছে বিজেপি। অগ্নিমিত্রা পলকে (Agnimitra Paul) প্রার্থী করায় সেখানকার বিজেপি নেতা-কর্মীদের মধ্যেও অসন্তোষ রয়েছে। এদিকে ২০২১ সালে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয় পান জুন মালিয়া। সাধারণ মানুষের তরফেও প্রশংসা শোনা গিয়েছে। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় মেদিনীপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ হাসি কে হাসবে তা জানা যাবে আগামী ৪ জুন।








