নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সরকারের তরফে উত্তর আসার পরেই এক বছরের বেশী সময় ধরে চলা কৃষক আন্দোলনের সমাপন নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, এমএসপি নিয়ে কৃষকদের মুখ্য দাবী মেনে নিতে চলেছে সরকার! তা ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তবে কী শেষের পথে কৃষক আন্দোলন। কৃষকদের সঙ্গে সমঝোতার পথে সরকার? উঠছে প্রশ্ন।
আরও পড়ুনঃ রান্নার গ্যাস নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র, সুবিধা হবে মহিলাদের


যদিও সংযুক্ত কিষাণ মোর্চার তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, সরকারের জবাবে এখনও সন্তুষ্ট নন তাঁরা। মঙ্গলবার বৈঠকের পর কৃষক নেতাদের দাবী, এসকেএমের তরফে সরকারের কাছে বেশ কিছু দাবী তুলে ধরা হয়েছিল। সরকারের তরফে যে জবাব এসেছে তাতে সন্তুষ্ট নন তাঁরা। তাই বেশ কিছু প্রশ্ন এবং বিরোধীতা তুলে ধরেছেন এসকেএম নেতারা।
এসকেএমের সাফ বক্তব্য, সরকারের তরফে বলে হয়েছে আন্দোলন তুলে নেওয়া হলেই কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নেবেন তাঁরা। কিন্তু এটা লিখিতভাবে কিছু জানানো হয়নি। তাই এখনই আন্দোলন নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে চাইছেন না তাঁরা। এবিষয়ে সর্বভারতীয় কিষাণ সভার হান্নান মোল্লা জানিয়েছেন, “আন্দোলন শেষ হবে না। সরকার যদি বেশীরভাগ দাবী মেনে নেয়, সেক্ষেত্রে আন্দোলনের ধরন পরিবর্তন হতে পারে”।
কৃষকদের সঙ্গে সমঝোতার পথে সরকার, গলতে পারে বরফ
মঙ্গলবারের পর ফের বুধবার আরও এক দফার বৈঠকে বসতে চলেছেন কৃষক নেতারা। সেই বৈঠকেই গলতে পারে বরফ। তবে কেন্দ্রের দেওয়া শর্তে রাজি নন তাঁরা। পাশাপাশি কৃষকদের তরফে জানানো হয়েছে দীর্ঘ আন্দোলনে যে সমস্ত কৃষকদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে। পাঞ্জাব সরকারের মতো বেশ কিছু পরিবারকে চাকরী দেওয়ার আর্জি জানাচ্ছেন তাঁরা। তবে কৃষকদের সাফ বক্তব্য, সরকার সমস্ত দাবী মেনে নিলেনি আন্দোলন তুলে নেবেন তাঁরা।









