নজরবন্দি ব্যুরোঃ কেউ কেউ বিজেপির থেকে টাকা নিচ্ছে আর মুসলিম ভোট ভাঙার চেষ্টা করছে। আমি বলি তোমাদের এত ক্ষমতা হয়নি যে তোমরা মুসলিম ভোট ভাঙতে পারবে। কারও প্ররোচনায় পা দেবেন না। ইদ উপলক্ষে রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে স্পষ্ট করলেন, লড়াইয়ের জন্য তৈরি। কিন্তু কারোর কাছে মাথা নীচু করব না।
একইসঙ্গে এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, সকলে শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় পা দেবেন না। বাংলায় যাতে অশান্তি হয়, তার চেষ্টা করছে বিজেপি সরকার। কোনও ভাবে বাংলায় অশান্তি বরদাস্ত করব না। একইসঙ্গে তাঁর বক্তব্য, লোকতন্ত্র চলে গেলে সব চলে যায়। আজ দেশের সংবিধান এবং ইতিহাস বদলে যাচ্ছে। যা খুশি করছে। তার পর এনআরসি আনার কথা বলেছে। কিন্তু আমি ও সব কিছু হতে দেব না। আমি মাথা ঝোঁকাব না। ভরসা রাখুন। আমরা লড়াই করব, ভয় পাব না।

সম্প্রতি একাধিক ইস্যুতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। শনিবারও তার বিপরীত হল না। এদিনের সভা থেকে মমতার বার্তা, বিজেপি বিভেদের রাজনীতি করে। আর এক বছর পর লোকসভা নির্বাচন। ঠিক হয়ে যাবে সরকারে কে থাকবে। আসন্ন লোকসভা নির্বাচনে সবাই এসে ভোট দেবেন।
এত ক্ষমতা হয়নি যে তোমরা মুসলিম ভোট ভাঙতে পারবে, বার্তা মমতার

সাগরদিঘির নির্বাচনে হারের পর মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে চলেছে বিরোধীরা। সেই সংখ্যালঘু ভোটকে কাছে টানতেই দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার রেড রোডের অনুষ্ঠান থেকে তিনি বলেন, যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি কী হবে, তা আগামী দিনে স্পষ্ট হয় যাবে। ধর্মের নামে ভেদাভেদ তৈরির চেষ্টা করছে অনেকে। প্ররোচনায় পা দেবেন না। যে চাঁদ দেখে ইদ পালন করা হয়, তার কি কোনও ধর্ম আছে? হিন্দুদের পরবও তো চাঁদ দেখে হয়। শরীরে যে রক্ত বইছে, তারও কোনও ধর্ম হয় না। বাংলায় ধর্মের নামে কোনও ভেদাভেদ নেই। আর সেই জন্যই বাংলা বাকি সব রাজ্যের থেকে আলাদা।



