নজরবন্দি ব্যুরোঃ সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই রাজ্যে রাজনৈতিক পারদ চড়ছে চরমে। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসা। ফলে রাজ্যে হিংসামুক্ত বিধানসভা ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তবে এবার খাস কলকাতায় আইনশৃঙ্খলা এবং পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের তোপের মুখে পড়লেন, পুলিশ কমিশনার অনুজ শর্মা। আগেই কলকাতার আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক করেছিল নির্বাচন কমিশন। ফলে রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর তাঁরা।
আরও পড়ুনঃ তৃণমূলে যোগ দিলেন অভিনেতা সৌরভ দাস
এবার কলকাতায় কেন এত রাজনৈতিক হিংসা, তা নিয়ে প্রশ্ন তুলল কমিশন। ফলে এবার কলকাতায় রাজনৈতিক হিংসা নিয়ে পুলিশ কমিশনার অনুজ শর্মাকে প্রশ্ন নির্বাচন কমিশনের। শুক্রবার নির্বাচন কমিশনের প্রশ্ন কলকাতা রাজ্যের রাজধানী হওয়া সত্ত্বেও কেন এতো হিংসা? রাজধানীর পরিস্থিতি এইরকম হলে, জেলার পরিস্থিতির কি হবে?
জানতে চাওয়া হয়, জামিন অযোগ্য ধারায় মামলা থাকা সত্বেও কেন অভিযুক্তদের গ্রেপ্তার করা যাচ্ছে না। কেন শান্তি ফেরানো যাচ্ছে না কলকাতায়? এরপরই কমিশন নির্দেশ দেয়, কলকাতায় অবিলম্বে শান্তি ফেরাতে হবে। মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন তেমন পরিবেশ তৈরি করতে হবে। সবমিলিয়ে কলকাতার আইনশৃঙ্খলা নিয়ে কমিশনের কড়া প্রশ্নমালার মুখে পড়লেন পুলিশ কমিশনার।
মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের এক কর্তার কথায়, “বিগত ভোটগুলিতে যে হিংসার ছবি রাজ্যে ধরা পড়েছে তার পুনরাবৃত্তি ঠেকাতে এবার প্রথম থেকেই হাল ধরতে চাইছে কমিশন। উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন রাজ্যে এসেই সেই মনোভাব স্পষ্ট করে দিয়েছিলেন।” গত কয়েকদিন আগেই রাজ্যে এসে আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের কড়া বার্তা দিয়েছিলেন উপ নির্বাচন কমিশনার। অবিলম্বে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বলার পাশাপাশি আইন শৃঙ্খলার হাল ফেরাতে যথাসম্ভব পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছিলেন সুদীপ জৈন।



