সম্প্রতি স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে স্থগিত হওয়া নিয়ে তুমুল আলোচনা চলছে নেটমাধ্যমে। ভাইরাল চ্যাটের ভিত্তিতে অনেকেই অনুমান করছেন, পলাশ হয়তো স্মৃতিকে চিট করেছেন। যদিও দু’জনের কেউই মুখ খোলেননি। কিন্তু এই বিতর্কে ঘুরেফিরে একটাই প্রশ্ন—পুরুষ নাকি মহিলা কে বেশি চিট করেন?
স্রেফ তারকাদের ব্যক্তিগত ঘটনা নয়, সম্পর্কের প্রতারণা সমাজের অতি সাধারণ একটি বাস্তবতা। প্রেমে আস্থা ভাঙা বা সঙ্গীর বিশ্বাসের সঙ্গে খেলা করা বহু মানুষকেই জীবনে আঘাত করেছে। কিন্তু পরিসংখ্যান কী বলছে?
সমীক্ষার ফল: চিটিংএ এগিয়ে পুরুষেরা
ভারতের পরিচিত ডেটিং অ্যাপ ‘গ্লিডেন’ প্রায় বিশ লক্ষ ব্যবহারকারীর ওপর সমীক্ষা চালায়। সেখানে উঠে এসেছে অবাক করা তথ্য। গবেষণা বলছে, পুরুষ নাকি মহিলা কে বেশি চিট করেন প্রশ্নে পুরুষরাই স্পষ্টভাবে এগিয়ে।
সমীক্ষা অনুযায়ী, ৬৪ শতাংশ পুরুষ জীবনের কোনও না কোনও সময় সঙ্গীকে চিট করেছেন বা চিট করার চেষ্টা করেছেন। অন্যদিকে, ৫৫ শতাংশ মহিলা একসময় মনে করেছেন তাঁরা সঙ্গীকে ঠকাতে পারেন বা ঠকিয়েছেন। এই পরিসংখ্যানই দেখাচ্ছে, প্রতারণা শুধুই পুরুষদের আচরণ নয়, তবে সংখ্যায় পুরুষেরাই এগিয়ে।
পুরুষ নাকি মহিলা কে বেশি চিট করেন? সমীক্ষায় চাঞ্চল্যকর পরিসংখ্যান
পুরুষদের চিট করার প্রবণতা বেশি কেন
গবেষকদের মতে, পুরুষদের মধ্যে এই প্রবণতার পিছনে রয়েছে বহু সামাজিক কারণ। ছোটবেলা থেকেই তাঁদের শেখানো হয় শক্ত, সিদ্ধান্তশীল ও অদম্য হতে। সমাজ পুরুষদের ভুলকে অনেক সময় ‘স্বাভাবিক’ হিসেবে দেখায়, ফলে সঙ্গীকে ঠকানোও তাঁদের কাছে অপরাধ বলে মনে হয় না।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক পুরুষ প্রত্যাখ্যান বা সম্পর্কের সমস্যা সামলাতে শেখেন না। সমস্যা না মিটিয়েই তাঁরা নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন, যা চিটিংয়ের প্রবণতা বাড়ায়।

মহিলারা কেন চিট করেন
সমীক্ষায় দেখা যায়, মহিলাদের চিট করার কারণ পুরুষদের থেকে আলাদা। দীর্ঘদিন সম্পর্কে সুখী না হওয়া, একাকিত্ব, অথবা আবেগগত ভাবে অপূর্ণতা—এসবই তাঁদের নতুন সম্পর্কে টেনে নেয়। ভারতের অধিকাংশ মহিলা এমন সঙ্গী চান যিনি তাঁদের অনুভূতিকে গুরুত্ব দেবেন। আবেগগত অসম্পূর্ণতা বেড়ে গেলে বা নিজের মতো বোঝে এমন কাউকে খুঁজে পেলে তাঁরা সম্পর্ক ছাড়তে চান বা অন্য সম্পর্কে জড়ান।
তবে গবেষকরাই মানছেন, কেন কেউ চিট করেন তার একক কোনও বৈজ্ঞানিক উত্তর নেই। অনেকেই নিজেও জানেন না কেন তাঁরা প্রতারণার পথে হাঁটছেন।
পুরুষ নাকি মহিলা কে বেশি চিট করেন—এই প্রশ্নের উত্তর পরিসংখ্যান দিলেও, বাস্তবে প্রতারণা লিঙ্গভেদে সীমাবদ্ধ নয়। সম্পর্ক টেকে পারস্পরিক সম্মান, যোগাযোগ এবং মানসিক স্বস্তিতে। কোথায় ঘাটতি হচ্ছে, তা বুঝে নিতে পারাই সবচেয়ে জরুরি।



