কেকেআরে খেলেই নিজের পরিচিতি বানিয়েছেন রিঙ্কু সিং। নাইটদের হয়ে ভাল পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বাঁ হাতি তরুণ ব্যাটার। কেকেআরের জায়গা তার কাছে আলাদা তা বারবার বলেছেন রিঙ্কু।কিন্তু আগামী বছর আইপিএলে রিঙ্কু সিং কেকেআরের খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ আগামী আইপিএলের আগে বসবে মেগা নিলাম। কাদের রিটেন করা হবে? কী নিয়ম হবে নিলামের তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
স্বাভাবিক ভাবেই অনেক প্লেয়ারের কাছেই ধোঁয়াশা, বর্তমান ফ্র্যাঞ্চাইজিতেই থাকা হবে কিনা। কেকেআরেই উত্থান রিঙ্কু সিংয়ের। তাঁকে যদি রিটেন করার সুযোগ না থাকে? বিকল্প দলও ভেবে রেখেছেন রিঙ্কু সিং। কী বলছেন ভারতীয় দলের এই ক্রিকেট তারকা? স্পোর্টসতক-এ এক সাক্ষাৎকারে রিঙ্কু জানিয়েছেন তাঁর দ্বিতীয় পছন্দের কথা। কেকেআর না রাখলে রিঙ্কুর পছন্দ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রিঙ্কু বলছেন, ‘অবশ্যই আরসিবি। কারণ, বিরাট কোহলি রয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের কেরিয়ার। বেশ কয়েকজন ক্যাপ্টেনের অধীনেই খেলেছেন রিঙ্কু সিং। সদ্য খেলেছেন সূর্যকুমার যাদবের নেতৃত্বে। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজে ৩-০ জিতেছে ভারত। শেষ ম্যাচে বল হাতে চমকে দিয়েছেন রিঙ্কু। সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি প্রসঙ্গে রিঙ্কু বলেন, ‘ও খুবই ভালো ক্যাপ্টেন। আমি রোহিত ভাইয়ের ক্যাপ্টেন্সিতেও খেলেছি। সূর্য ঠান্ডা মাথার। খুব বেশি কথাও বলে না। খুবই ভালো ক্যাপ্টেন।’
উল্লেখ্য, কলকাতা ২০১৮ সালে ৮০ লক্ষ টাকায় রিঙ্কু সিংকে কিনেছিল। তারপর থেকে কেকেআর ক্রমাগত রিঙ্কুকে ধরে রেখেছে। তারপর ২০২২ সালের মেগা নিলামে, রিঙ্কুর দাম কিছুটা কমে যায় এবং কেকেআর তাঁকে ৫৫ লক্ষ টাকায় যোগ করে। রিঙ্কু এখন কেকেআরের সাথে দীর্ঘ সময় কাটিয়েছেন, এটি বিবেচনা করে যে কেকেআর রিঙ্কুকে ধরে রাখবে না তা মোটেও মনে হয় না।



