চন্দ্রযান-৩ সাফল্যের পর এবার চন্দ্রযান-৪ মিশনের পরিকল্পনা নিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চাঁদের মাটিতে থেকে পাথর খুবলে আনবে চন্দ্রযান-৪। এই মিশন সফল হলে, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কৃতিত্ব স্থাপন করবে ভারত। এই নিয়ে আকাশবাণী আয়োজিত সরদার প্যাটেল মেমোরিয়াল লেকচারে বড় ঘোষণা করলেন ইসরো প্রধান এস সোমনাথ।
তিনি জানান, আগামী ২০২৫ সালে ভারত-মার্কিন যৌথ নিসার মহাকাশ অভিযান হতে চলেছে। এদিকে ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান ‘গগনযান’ লঞ্চ করা হবে ২০২৬ সালে। আর ২০২৮ সালে চন্দ্রযান ৪ অভিযান চালানো হতে পারে। সেই মিশনে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরবে মহাকাশ যান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে বলা হয়েছে যে চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের উপর ভর করে চন্দ্রযান-৪-এর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।


এই মিশনকে LUPEX মিশন বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। তারা জানিয়েছে, এই মিশনের প্রধান লক্ষ্য হচ্ছে পাথর সহ চাঁদের মাটি থেকে কিছু নমুনা পরীক্ষার জন্য নিয়ে আসা। আর এই অভিযান ভারতকে চাঁদের উৎপত্তি, বিবর্তন এবং গঠন সম্পর্কে আরও অন্তর্দৃষ্টি অর্জন করতে সাহায্য করবে, সেইসাথে এর ভবিষ্যতের অন্বেষণ এবং ব্যবহারের সম্ভাবনা।
শুধুমাত্র তিনটি দেশ এখন পর্যন্ত চন্দ্রের নমুনা ফিরে পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীন। ফলে ভারত যদি এই সাফল্য পায় তাহলে বিশ্বে চার নম্বর দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করবে। যা মহাকাশ বিজ্ঞানে ভারতের সাফল্য বিশ্বের কাছে জাহির করবে।







