গোপনীয়তা আরও শক্তিশালী করতে নতুন ফিচার আনার পথে হোয়াটসঅ্যাপ। এবার পরীক্ষাধীন রয়েছে ‘স্পয়েলার মেসেজ’ নামে একটি নতুন অপশন, যার মাধ্যমে সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য সরাসরি দৃশ্যমান না রেখে পাঠানো যাবে। ফলে প্রাপক চাইলে তবেই সেই বার্তা খুলে দেখতে পারবেন।
এখন শুধু ব্যক্তিগত চ্যাট নয়, অফিসের নথি, আর্থিক তথ্য, লগইন ডিটেলস থেকে দৈনন্দিন যোগাযোগ— অনেক কিছুই হয় হোয়াটসঅ্যাপে। তাই বার্তার গোপনীয়তা আরও বাড়াতে এই নতুন ব্যবস্থা গুরুত্বপূর্ণ হতে পারে।
কী এই ‘স্পয়েলার মেসেজ’ ফিচার?
এই ফিচারে কোনও বার্তা পাঠানোর সময় সেটিকে বিশেষভাবে লুকিয়ে রাখা যাবে। প্রাপকের স্ক্রিনে বার্তাটি ব্লার বা আড়াল অবস্থায় দেখা যাবে। তিনি নির্দিষ্ট অপশনে ট্যাপ করলেই কেবল আসল লেখা দেখতে পারবেন।
এর ফলে চ্যাট খুললেই সংবেদনশীল তথ্য সামনে চলে আসার ঝুঁকি কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
কীভাবে ব্যবহার করা যেতে পারে?
প্রাথমিকভাবে সম্ভাব্য ব্যবহারের ধাপ হিসেবে যা জানা যাচ্ছে—
১. মেসেজ টাইপ করুন
২. মেসেজ সিলেক্ট করুন
৩. থ্রি-ডট মেনুতে যান
৪. ‘Spoiler’ অপশন নির্বাচন করুন
৫. তারপর পাঠিয়ে দিন
প্রাপক মেসেজে ট্যাপ না করা পর্যন্ত সেটি পুরো দেখা যাবে না।
কোন ক্ষেত্রে সবচেয়ে কাজে লাগতে পারে?
- ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP)
- ফোন নম্বর
- ব্যক্তিগত তথ্য
- অফিসিয়াল নোট
- সারপ্রাইজ বা স্পয়লার কনটেন্ট
- গুরুত্বপূর্ণ লগইন তথ্য
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার— এই ধরনের ফিচার বার্তাকে লুকিয়ে রাখতে সাহায্য করলেও এটি নিরাপত্তার পূর্ণ বিকল্প নয়। OTP, ব্যাংকিং তথ্য বা পাসওয়ার্ড শেয়ার করার ক্ষেত্রে এখনও সতর্ক থাকা জরুরি।
হোয়াটসঅ্যাপে ইতিমধ্যেই ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, চ্যাট লক এবং অন্যান্য গোপনীয়তা-ভিত্তিক ফিচার রয়েছে। নতুন এই ফিচার যুক্ত হলে ব্যবহারকারীদের তথ্য নিয়ন্ত্রণ আরও সহজ হতে পারে।
এখন দেখার, কবে এই ফিচার পরীক্ষার ধাপ পেরিয়ে সব ব্যবহারকারীর জন্য চালু হয়।



