২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন রোহিত শর্মা। আজ ২০২৫— প্রায় দেড় দশকের ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ। তাঁর ব্যাট থেকে এসেছে প্রায় ২০ হাজার আন্তর্জাতিক রান এবং ৪৯টি শতরান। কিন্তু এই মুহূর্তে ফর্মহীনতার ধাক্কায় প্রশ্ন উঠছে, রোহিত কি এখনও আগের মতো ভয়ঙ্কর?
বিশ্বকাপের আগে রোহিতের বর্তমান ফর্ম নিয়ে উদ্বিগ্ন ক্রিকেটবিশ্ব। বিশেষজ্ঞদের মতে, আইপিএলে খেলার ধরন বদলাতে পারলেই রোহিত ফের ধার ফিরিয়ে আনার সুযোগ পাবেন। তাঁরা বলছেন, ব্যাটিং শুরুর সময় একটু দেখে খেললে, ইনিংস গড়ার পর ‘হিটম্যান’ নিজের চেনা ছন্দে ফিরতে পারবেন।


আগ্রাসী রোহিতের চ্যালেঞ্জ
রোহিত শর্মার ব্যাটিং মানেই আগ্রাসন। পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে ভালোবাসেন তিনি। ক্রিকেটভক্তরা আদর করে তাঁকে ‘হিটম্যান’ নামেই ডাকেন। বীরেন্দ্র সহবাগের শুরু করা স্টাইলই তিনি লালন করেছেন। তবে সাম্প্রতিক ব্যর্থতা বলছে, এই আগ্রাসনই কখনও কখনও তাঁর ইনিংস ছোট করে দিচ্ছে।
সম্প্রতি টেস্ট, ওয়ানডে এমনকি আইপিএলের প্রথম ম্যাচেও রোহিত ছিলেন ব্যর্থ। প্রথম ম্যাচে মাত্র ৪ বল খেলে শূন্য রানে আউট হয়ে ফেরেন তিনি। এর পরেই কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও শেন ওয়াটসনের মতো প্রাক্তনরা পরামর্শ দিয়েছেন— রোহিত যেন ইনিংসের প্রথম ৫-৬ বল দেখে খেলেন। এতে টাইমিং ও আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন।


শ্রীকান্ত ও ওয়াটসনের পরামর্শ
শ্রীকান্ত বলেন, “রোহিত শুরুতেই বড় শট নিতে গিয়ে সমস্যায় পড়ছেন। বরং প্রথমে কয়েকটা বল দেখে, এরপর বড় শট খেলাই ভালো।”
ওয়াটসনের মতে, “রোহিত বাঁহাতি পেসারদের বিরুদ্ধে সুইং বল বুঝতে পারছেন না। একটু ধৈর্য ধরলে ফর্মে ফেরার সম্ভাবনা বাড়ে।”
ফর্ম বনাম ভবিষ্যৎ
ভারতীয় টেস্ট দলে জায়গা নিয়ে অনিশ্চয়তা, এক দিনের ক্রিকেটে ধারাবাহিকতা না থাকায় ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। তবে রোহিত নিজেই জানিয়ে দিয়েছেন, এখনই ওয়ানডে বা টেস্ট থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন তিনি।
বিশ্বকাপের লক্ষ্য পূরণ করতে হলে, ২০২৭ সাল পর্যন্ত খেলে যেতে হবে রোহিতকে। আর তার জন্যই এবার সময় এসেছে খেলার স্টাইল নিয়ে নতুন করে ভাবার। কারণ, নিজেকে বদলানো মানেই ব্যর্থতা নয়— বরং সেটাই হতে পারে পুনরুত্থানের সূত্র।







