বোলপুর: বিতর্কের কেন্দ্রে থাকা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Kestho Mondal) অবশেষে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে গালিগালাজ এবং হুমকির অভিযোগে এক সপ্তাহ ধরে যে চাপানউতোর চলছিল, তার নিষ্পত্তির পথে প্রথম পদক্ষেপ হিসাবে বৃহস্পতিবার বিকেলে হাজিরা দিলেন কেষ্ট।
বিকেল সওয়া ৩টা নাগাদ বোলপুর এসডিপিও দফতরে পৌঁছন অনুব্রত। প্রায় দু’ঘণ্টা ধরে পুলিশি জেরা হয় তাঁর। সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ দফতর থেকে বেরিয়ে সোজা যান তৃণমূলের বোলপুর দলীয় কার্যালয়ে। সেখানেও আরও দুই ঘণ্টা কাটান দরজা বন্ধ করে।
‘আগে চালচলন দেখি’, পুলিশি জেরার পর মুখ খুললেন অনুব্রত, জবাব দু’লাইনেই!

এতকিছুর পর সাংবাদিকদের একাধিক প্রশ্নে প্রথমে নীরব থাকলেও, শেষে গাড়িতে উঠেই দুটি বাক্যে নীরবতা ভাঙলেন তিনি। বললেন, “আমি আগে দু’দিন দেখি! তার পর বলব। আগে চালচালন দেখি! তার পর।” তবে ঠিক কী ‘চালচলন’ দেখতে চান, কার বিষয়ে এই মন্তব্য, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয় যেখানে শোনা যায়, অনুব্রত থানার আইসি-কে গালিগালাজ করছেন এবং হুমকি দিচ্ছেন। ঘটনার পর দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে ‘নিঃশর্ত ক্ষমা’ চান কেষ্ট, যদিও তিনি বলেন এটি একটি রাজনৈতিক চক্রান্ত।
এদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুব্রতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে আইসি লিটন হালদারের দুটি মোবাইলও। আইসি এবং অনুব্রতের মধ্যেকার এই কথোপকথন কীভাবে ফাঁস হল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, আইসি-র বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। সব মিলিয়ে তদন্তের গতি পেয়েছে। এ বিষয়ে দলের একাংশ মুখ খুলতে নারাজ হলেও, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে – আগামী দিনে কেষ্টর এই মামলার প্রভাব কতটা বিস্তার লাভ করে।



