ভাইরাল অডিও কাণ্ডে (Viral Audio Case) পুলিশের হুমকি দেওয়া নিয়েই তুমুল বিতর্কে জড়িয়েছেন বীরভূম তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অডিওতে শোনা গিয়েছে, এক পুলিশ অফিসারকে অকথ্য ভাষায় হুমকি দিয়েছেন তিনি। তা সত্ত্বেও পুলিশের নোটিস পেয়েও পাঁচ দিন থানায় হাজিরা দেননি অনুব্রত, বরং শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।
অবশেষে বৃহস্পতিবার বিকেল ৩টে ২৫ মিনিটে শান্তিনিকেতন থানায় হাজির হন তিনি। এরপরই রাজ্য রাজনীতিতে নয়া চাঞ্চল্য! বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনেই সাহস পেয়ে পুলিশের দুয়ারে গিয়েছেন অনুব্রত।
জগন্নাথ বলেন,”দায়িত্ব নিয়ে বলছি, গতকাল রাতে মুখ্যমন্ত্রী নিজে ফোনে কথা বলেন অনুব্রতের সঙ্গে। অভয় দেন তিনি। তারপরই আজ হাজিরা দিলেন কেষ্ট ভাই।”
বিরোধীদের কটাক্ষ: অনুব্রতের এই গড়িমসিকে ঘিরে মুখ খুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন,“সাতদিন ধরে পুলিশকে নাস্তানাবুদ করেছেন। মুখ্যমন্ত্রীর আশীর্বাদে কেউ তাঁকে ধরতেই পারেনি। এটা কি আইনের শাসন?”
🕵️♂️পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন: বিরোধীরা অভিযোগ করছেন, তৃণমূল নেতৃত্ব এবং প্রশাসনের মধ্যে যোগসাজশেই অনুব্রত এতদিন পুলিশের জেরার বাইরে ছিলেন। যদিও সরকারি তরফে মুখ্যমন্ত্রীর ফোনকল সংক্রান্ত কোনো মন্তব্য করা হয়নি।



