নজরবন্দি ব্যুরোঃ খুশির ইদের সকালে বৈশাখী গরম আবহাওয়ায় জল ঢেলে স্বস্তি দিল বৃষ্টি। আজ মঙ্গলবার, সকাল সকাল ঝমঝম করে বৃষ্টি (Rain in Kolkata) নামল কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায়। পূর্বাভাস আগেই ছিল। সেই পূর্বাভাস মিলিয়েই এদিন সকাল আটটা বাজতে না বাজতেই আকাশ কালো করে আসে। ঘন মেঘের সঙ্গে দমকা হাওয়া বইতে শুরু করে। তার পরেই নামে জোর বৃষ্টি।
আরও পড়ুনঃ বাংলার ঐক্য দেখে অনেকের হিংসা হয়, রেড রোড থেকে মন্তব্য মমতার


একপশলা ভেজার পরে বৃষ্টি ধরলেও, আলিপুর আবহাওয়া দফতরের তরফ জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে৷ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, তাই লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমেও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
গত সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহে জ্বলেপুড়ে যাচ্ছিল দক্ষিণবঙ্গ। একটানা প্রায় দু’মাস বৃষ্টি না হওয়ার পরে গত সপ্তাহের শনিবার থেকে বৃষ্টি শুরু হয় কলকাতায়। তার আগে শুক্রবার রাত থেকেই ভিজেছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (Rain in Kolkata)।



আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, একটানা দাবদাহের পর রাজ্যবাসী কালবৈশাখীর মুখ দেখবে এবার। হলও তাই। রবিবার রাতেও ঝড় ওঠে তুমুল। পূর্বাভাস বলছে, রবিবার থেকে ৫ মে পর্যন্ত টানা কালবৈশাখী হবে। ফলে আগামী বেশ কিছু দিন তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯২ শতাংশ।
এর পাশাপাশি সম্ভাবনা ঘনিয়েছে, আগামীকাল, ৪ মে থেকে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনাবে। পরশু, বৃহস্পতিবার অর্থাৎ ৫ তারিখ তৈরি হতে পারে নিম্নচাপ। পরে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আন্দামান এবং সংলগ্ন এলাকায় ফের অতিভারী বৃষ্টি নিয়ে আসতে পারে। তৈরি হতে পারে সাইক্লোনও। বাংলায় তার প্রভাব পড়বে কিনা, এখনও বলা যাচ্ছে না।
ইদের সকালে ঝমঝমিয়ে বৃষ্টি, দিনভোর ভিজবে দক্ষিণবঙ্গ, ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস

আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারতে এবং সিকিমে বৃষ্টি হতে পারে। বুধবার অরুণাচল প্রদেশের প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আসাম ও মেঘালয়ে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে।







