আজকের আবহাওয়া: দক্ষিণের ৬ জেলায় কমলা সতর্কতা, উত্তরবঙ্গে লাল অ্যালার্ট! ধস ও বন্যার আশঙ্কা

আজকের আবহাওয়া (West Bengal Weather Today): দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত লাল অ্যালার্ট, পাহাড়ে ধস ও নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বর্ষার দাপট আরও বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে। আজকের আবহাওয়া (West Bengal Weather Today) অনুযায়ী দক্ষিণবঙ্গের ছয় জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় সোমবার পর্যন্ত লাল সতর্কতা বহাল রেখেছে আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস, নিচু এলাকায় জল জমা এবং নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর সক্রিয় আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এর ফলেই দক্ষিণবঙ্গে ভারী এবং উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার (Kolkata Weather Today) আকাশ আগামী কয়েক দিন আংশিক মেঘলা থাকবে। মাঝে মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

মঙ্গলবার পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং একাধিক জেলায় হলুদ সতর্কতা কার্যকর থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের আশঙ্কা, অতিভারী বর্ষণের কারণে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। পাশাপাশি পাহাড়ি নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। নিচু এলাকাগুলিতে জল জমা বা প্লাবনের পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া পাহাড়ি এলাকায় ভ্রমণ এড়ানো এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বহাল থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন