পুজোর আগে বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আজ, বৃহস্পতিবার কলকাতায় মেঘলা আকাশের পাশাপাশি সামান্য বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামীকাল, শুক্রবার শহরে কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে, বিশেষ করে পার্বত্য অঞ্চল দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়ে বিক্ষিপ্তভাবে দুই ২৪ পরগনার কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে।
আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।



