নজরবন্দি ব্যুরো: বাংলায় শীতের আভাস বাড়ছে। তাপমাত্রা ক্রমশ কমছে। ইতিমধ্যেই একাধিক জেলায় ১৫ ডিগ্রির নীচে পারদ নেমেছে। হাওয়া অফিস জানিয়েছে শীত আরও বাড়বে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তুরে হাওয়া বইবে। ভোরের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে। আজ কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন: শীতের পথে কলকাতা, শহরে রেকর্ড ঠাণ্ডা, চলতি মরশুমের শীতলতম দিন আজ


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কাটতেই শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে। বর্ধমানের তাপমাত্রা ১৩ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। বাঁকুড়ায় তাপমাত্রা রয়েছে ১৩.৮ ডিগ্রি। এছাড়াও পুরুলিয়া, বীরভূম সহ কিছু জেলায় পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। সকালের দিকে কুয়াশা থাকছে। বেলা বাড়তেই রোদের দেখা মিলছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে।

কলকাতার আবহাওয়া ক্রমশ শীতল হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামতে পারে। শহর ও তার সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই।



জেলায় জেলায় পারদ নামল ১৫ ডিগ্রির নীচে, ৪৮ ঘন্টায় আরও কমবে তাপমাত্রা
আবহাওয়া শুষ্ক থাকবে। ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টি ও আর্দ্রতার জন্য শীতের আগমনে বাধা পড়ছিল তবে সেই প্রভাব কাটতেই উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক রয়েছে। তবে আগামী কিছুদিনের মধ্যেই পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। বুধবার (১৩ ডিসেম্বর) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।







