নজরবন্দি ব্যুরো: নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। এখনই বর্ষা থেকে রেহাই নেই। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে চাষের জমি। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা জানানো হয়েছে।
আরও পড়ুন:মেঘভাঙা বৃষ্টির তাণ্ডব সিকিমে, লোনক হ্রদ ফেটে তিস্তায় হড়পা বান, নিখোঁজ বহু জওয়ান
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ বর্তমানে। ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় রয়েছে। এর প্রভাবে আরও কয়েকদিন বাংলায় বৃষ্টি হবে। বুধবার (৪ অক্টোবর) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া , বীরভূমে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। একটানা বৃষ্টির কারণে দার্জিলিং, কালিম্পংয়ের মত পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস।
নিম্নচাপের কবলে বাংলা, কতদিন চলবে ভারী বৃষ্টি, সতর্কতা হাওয়া অফিসের

জলাধারগুলি থেকে জল ছাড়ার কারণে রাজ্যের সাত জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলী জেলায় সতর্কতা জারি করেছে নবান্ন। ইতিমধ্যেই তিলজলা ব্যারেজ সহ কিছু জায়গা থেকে জল ছাড়া হয়েছে। এরফলে কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়ছে।




