নজরবন্দি ব্যুরো: মেঘভাঙা বৃষ্টির তাণ্ডব অব্যাহত সিকিমে। বুধবার ভোর থেকে ভারী বৃষ্টির জেরে লোনক হ্রদ ফেটে হুড়মুড়িয়ে জল নেমে এসেছে তিস্তায়। যার ফলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তার জল। আর আচমকা তিস্তার জলস্তর বেড়ে যাওয়ার ফলে সিকিমের রাস্তায় উঠে এসেছে জল। আর তাতেই ভেসে নিখোঁজ হয়ে গিয়েছেন সেনার ২৩ জওয়ান।
আরও পড়ুন: Sukanta Majumdar: সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন বড়লোক ঘরে, এরপর আদালত কান ধরে নিয়ে যাবে: সুকান্ত


জানা গিয়েছে, তিস্তার জলের ভেসে গিয়েছে সেনার বহু গাড়ি। শুধু তাই নয়, ভেসে গিয়েছে বেশ কয়েকটি সেনা ছাউনিও। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সিকিমের বেশ কয়েকটি জায়গায় ধসও নেমেছে। যার ফলে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চুংথাম। রীতিমত ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে সিকিমে।

ইতিমধ্যেই ভয়ঙ্কর তিস্তার রুদ্ররূপের জেরে চিন্তার ভাঁজ পরেছে প্রশাসনের কপালে। ইতিমধ্যেই তিস্তায় হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন। ইতিমধ্যেই তিস্তার জলস্তর বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে একাধিক ব্যারাজে। যদি জলস্তর ২৫ থেকে ২৬ মিটার পর্যন্ত বৃদ্ধি পায় তাহলে গাজলডোবা ব্যারাজ, দোমহনি, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।



এপ্রসঙ্গে সেনার ইস্টার্ন কমান্ড জানিয়েছে, ভারী বৃষ্টিতে উত্তর সিকিমের লাচেন উপত্যকার লোনক হ্রদ উপচে পড়েছে। চুংথাম বাঁধ ভেঙে বিপুল পরিমাণ জল চলে আসে তিস্তা নদীতে। সূত্র মারফত জানা যাচ্ছে, অন্তত ২৩ জন সেনা জওয়ানের কোনও খোঁজ মিলছে না। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।
মেঘভাঙা বৃষ্টির তাণ্ডব সিকিমে, নিখোঁজ বহু জওয়ান








