দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে বকেয়া ডিএ (Dearness Allowance) দেওয়ার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ভোট ঘোষণার ঠিক আগে সমাজমাধ্যমে এই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, চলতি মার্চ মাস থেকেই ধাপে ধাপে কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক ও বিভিন্ন অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করবে বকেয়া ডিএ।
রবিবার সামাজিক মাধ্যমের পোস্টে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ‘মা-মাটি-মানুষ’ সরকার কর্মচারী ও পেনশনভোগীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। তিনি লেখেন, রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগী, পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী এবং পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও এই সিদ্ধান্তের আওতায় আসবেন।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ROPA 2009 অনুযায়ী বকেয়া ডিএ ধাপে ধাপে প্রদান করা হবে। অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই অর্থ বিতরণের নির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। সেই নির্দেশিকা মেনেই মার্চ ২০২৬ থেকে টাকা দেওয়া শুরু হবে।
রাজ্যের বিপুল সংখ্যক কর্মচারী দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএর দাবিতে আন্দোলন করে আসছিলেন। বিষয়টি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্য সরকার এই সিদ্ধান্ত কার্যকর করতে উদ্যোগী হয়েছে বলে প্রশাসনিক মহলের ব্যাখ্যা।
এদিকে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার মাত্র কিছুক্ষণ আগে এই ঘোষণা সামনে আসায় রাজনৈতিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে। তবে সরকার দাবি করেছে, আদালতের নির্দেশ এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই এই ঘোষণা করা হয়েছে।



